ইলিশ ধরতে আবার সাগরে জেলেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা, পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়ার ইলিশ শিকারি জেলেরা আবার সাগরে যাচ্ছেন। ইলিশ শিকারে সরকারঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর গত সোমবার থেকে তাঁদের মধ্যে এই সাড়া পড়ে গেছে। গতকাল মঙ্গলবার অনেক জেলে ট্রলার নিয়ে সাগরের দিকে রওনা হয়ে যান। পাথরঘাটার বিএফডিসি মৎস্যবন্দরও এর মধ্যে সরগরম হয়ে উঠেছে। জেলা মৎস্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুণ্ডু প্রথম আলোকে বলেন, সরকার যে উদ্দেশ্যে ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উপকূলে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তা সফল হয়েছে বলে তিনি মনে করেন। তিনি জানান, সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে এসব এলাকায় মা ইলিশ এসে ডিম ছাড়ে। এ জন্য ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে সাময়িকভাবে জেলেদের অসুবিধা হলেও ইলিশ সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।