ইলিশ ধরা চলছেই, ১০৫ মণ জব্দ
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৬ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও একশ্রেণীর অসাধু জেলে তা মানছেন না। রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলেরা পদ্মা থেকে রাতের আঁধারে ইলিশ ধরছেন। পিরোজপুর, বাগেরহাট ও মংলা থেকে গত দুই দিনে ১০৫ মণ ইলিশ ও জাটকা জব্দ করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গোয়ালন্দ (রাজবাড়ী): রাতের আঁধারে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ইলিশ শিকার করছেন জেলেরা। প্রশাসনের অভিযানের ভয়ে জেলেরা এসব মাছ নৌকা থেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন। দৌলতদিয়া ঘাটের মাছের পাইকার সাইদুল ইসলাম জানান, কিছু পাইকার ও খুচরা মাছ বিক্রেতা নদী থেকে জেলেদের নৌকায় গিয়ে অন্যান্য মাছের সঙ্গে মা-ইলিশও কিনে আনছেন। এসব বিক্রেতা কৌশলে শুধু পরিচিত ব্যক্তিদের কাছে ইলিশ বিক্রি করছেন। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম বলেন, ‘এ রকম কথা আমরাও শুনেছি। প্রকাশ্যে জেলেরা ইলিশ বিক্রি করতে সাহস না পাওয়ায় মাঝারি আকারের ইলিশ ব্যাপারীদের কাছে দুই থেকে আড়াই শ টাকা ও প্রায় এক কেজি ওজনের ইলিশ ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্য সময় এসব ইলিশ সাধারণত ৬০০ থেকে ৭০০ টাকা কেজির কমে বিক্রি হয় না। তবে আমাদের নজরে এখনো পড়েনি। পিরোজপুর: পিরোজপুরে পাড়েরহাট মৎস্য বন্দর থেকে গতকাল সকালে এফবি সুলতানা ও আল্লাহর দান ট্রলারে অভিযান চালিয়ে ৩৫ মণ ইলিশ জব্দ করা হয়েছে। পরে শংকরপাশা এলাকায় একটি খালের মধ্যে আলী নামের একটি ট্রলার থেকে পাঁচ মণ ইলিশ জব্দ করা হয়। নির্বাহী হাকিম আশাফুর রহমান জানান, জব্দ করা ইলিশ নিলামে দুই লাখ ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া এফবি সুলতানা নামের ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এদিকে জেলার স্বরূপকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আ. ওহাবের মালিকানাধীন সিফাত পোলট্রি ফিড নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তৃতীয় তলা থেকে গত বুধবার রাতে ২০ মণ ইলিশ জব্দ করা হয়। স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. রহমান মাছগুলো জব্দ করেন। পৌর কাউন্সিলর আ. ওহাব দাবি করেন, জব্দ হওয়া মাছ তাঁর ভাড়াটে উত্তম পালের।বাগেরহাট: বাগেরহাট কেবি বাজারের মাছের আড়তসংলগ্ন একটি ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে ভেতরে বসে ইলিশ কেটে লবণ লাগাচ্ছিলেন মাছ ব্যবসায়ী মন্টু ঘোষ। কিন্তু তাঁর এই পরিকল্পনায় বাদ সাধেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে আদালতের বিচারক মেহেদী হাসান তাঁকে ওই ঘর থেকে আটক করে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। আদালতের অভিযানে উদ্ধার করা প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করে কয়েকটি প্রতিষ্ঠানে খাবার জন্য বিতরণ করা হয়।এদিকে বাগেরহাট শহরসংলগ্ন দড়াটানা নদীর মুনিগঞ্জ সেতুর নিচে নোঙর করে রাখা একটি ইলিশ ধরার ট্রলারে অভিযান চালিয়ে বুধবার রাতে পুলিশ প্রায় ১৩ মণ ইলিশ জব্দ করে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাট সদরের ইউএনও শফিকুল ইসলাম ওই মাছ জব্দ করে শহরের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করেন। এর আগে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কেবি বাজারের সৈয়দ আলী হাওলাদারের মাছের আড়ত থেকে আরও ১৫ মণ ইলিশ জব্দ করেন। এ সময় তাঁর ছেলে নাসির হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।মংলা (বাগেরহাট): কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সদস্যরা গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার মংলার পশুর নদ, রায়েন্দার মাচুয়া, মাঝেরচর, তুশখালী, কুমারখালী, খুন্তাকাটা, সুপতি, কচিখালী ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার মিটার জাল, ১০০ কেজি ডিমওয়ালা ইলিশ ও জাটকা জব্দ করেছেন।