ইলিশের নিশ্চিত প্রজননের লক্ষ্যে মেঘনা নদীতে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দেয়।তবে অভিযানের ফাঁকে ফাঁকে প্রভাবশালী জেলেরা নদীতে নেমে ডিমওয়ালা ইলিশ ধরেছেন এবং গভীর রাতে ইলিশ ধরার প্রস্তুতিও নিয়েছেন বলে সাধারণ জেলেরা জানিয়েছেন।মৎস্য বিভাগ সূত্র জানায়, চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকা ইলিশের প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত। এ এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার।মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলালচন্দ্র সূত্রধরের নেতৃত্বে মেঘনা নদীতে গতকাল অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরে হাজীমারা এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অপর দিকে সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রায়পুর পৌর শহরের পোস্ট অফিসের মাছবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করেন। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে নিলামে মাছগুলো সাড়ে নয় হাজার টাকায় বিক্রি করা হয়।এই উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, নিষেধাজ্ঞা চলার সময়ে নদীতে ইলিশ ধরা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। ইতিমধ্যে মেঘনা নদী এলাকায় জেলে, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে কয়েকটি সচেতনতামূলক সভা করা হয়েছে। পর্যাপ্ত মাইকিং করা হয়েছে। এ ছাড়া বরফকলগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ করা হবে মাছের আড়তগুলো।রায়পুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, মেঘনায় অভিযানের জন্য সরকারি কোনো স্পিডবোট নেই। প্রশাসনকে ভাড়া করা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে মেঘনায় অভিযান চালাতে হয়। অনেক সময় মেঘনাপাড়ে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করার খবর জেলেদের মধ্যে ছড়িয়ে পড়ে। আবার ভাড়া করা ওই নৌকা দিয়ে জেলেদের ইঞ্জিনচালিত নৌকাকে ধরা যায় না। স্পিডবোট থাকলে অল্প সময়ে তাঁদের ধাওয়া করা যায়। বিগত বছরগুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতাসীন দল-সমর্থিত জেলেরা নদীতে অবাধে ইলিশ ধরেছেন। এবারও ওই সব প্রভাবশালী জেলে নদীতে মাছ ধরতে পারেন বলে আশঙ্কা করছেন সাধারণ জেলেরা। জেলে আবু তাহের ও মফিজ মিয়া জানান, নিষেধাজ্ঞার সময়ে সাধারণ জেলেরা নদীতে মাছ ধরতে সাহস পান না। সরকারি দল-সমর্থিত প্রভাবশালী ইঞ্জিন নৌকার মালিক, মাছের আড়তদার ও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গত বছর নদীতে অবাধে ইলিশ ধরেছেন। এবারও ওই সব প্রভাবশালী জেলে নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে নদীতে মাছ ধরতে পারেন। এ জন্য বেশ প্রস্তুতিও নেওয়া হয়েছে।