ইলিশ ধরার দায়ে ৪৬ জন জেলের জেল-জরিমানা
নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে চাঁদপুরের তিন উপজেলা এবং লক্ষ্মীপুরের রামগতিতে ৪৬ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। গত দুদিনে পৃথক ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই শাস্তি দেন।
চাঁদপুর জেলা প্রশাসন থেকে জানা গেছে, সদর, হামইচর ও মতলব উত্তরের পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৪০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম রুনা লায়লা।
চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ কেজি মা ইলিশ ও ২৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ১৬ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হাইমচরে ১৯ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মতলব উত্তরে একজনকে দুই বছর ও আরেকজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
ইলিশ ধরার অপরাধে গত বৃহস্পতিবার বিকেলে রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার শাহে আলমের ছেলে দুলাল মিয়া, আবু কালামের ছেলে মিজানুর রহমান, নুর ইসলামের ছেলে মেজ উদ্দিন, আবদুস সহিদের ছেলে সোরাব উদ্দিন এবং আবুল হাশেমের ছেলে মনির উদ্দিন ও হেলাল উদ্দিনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দীপক কুমার রায় ওই জেলেদের কারাদণ্ড দিয়েছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ উদ্দিন জানান, গতকাল দুপুরে দণ্ডপ্রাপ্ত জেলেদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।