ইলিশ ধরার দায়ে ইউপি সদস্যসহ ১৮ জনের দণ্ড
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরা ও বিক্রির দায়ে ১১ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাত জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকার ও বিক্রির অপরাধে ১১ জনকে আটক করা হয়। পরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রোকসানা রহমান চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ কাড়ালসহ ১০ জেলকে ২৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, অভিযানে ১০০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এ ছাড়া রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পদ্মায় অভিযান চালানো হয়। এ সময় দেড় মণ ইলিশ ও দুই মণ জাল জব্দ করা হয়। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নওশের আলী জানান, জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে গোয়ালন্দের ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গত শনিবার ও রোববার রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদী থেকে সাত জেলেকে আটক করেন। পরে নির্বাহী হাকিম ও ইউএনও পঙ্কজ ঘোষ ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে ১ হাজারের বেশি মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা শুভ। তিনি জব্দ করা মাছ প্রকাশ্য নিলামে ১২ হাজার ৪১০ টাকায় বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেন।