ইলিশ ধরার দায়ে সাত জেলের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরায় সাত জেলের প্রত্যেককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে এক স্কুলছাত্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার এ সাজা দেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার চর শিবালয় গ্রামের সাইদুর রহমান (২৬), আবদুল মতিন (৩০), মো. হানিফ (২৫), মোহাম্মদ আলী (২৫); আলোকদিয়া চরের সুরুজ আলী (২৬), পাবনার শাহজাদপুর উপজেলার মোহাম্মদ গাজী (২৬) ও শফিকুল ইসলাম (২৭)। এ ছাড়া মিজানুর রহমান নামের এক স্কুলছাত্রকে বিশেষ বিবেচনায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রজননক্ষেত্র হিসেবে মানিকগঞ্জসহ দেশের ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই জেলেরা শিবালয়ে যমুনা নদীতে জাল দিয়ে ইলিশ ধরেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় ওই সাত জেলেসহ স্কুলছাত্রকে আটক, ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। এরপর গতকাল সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড ও স্কুলছাত্রকে জরিমানা করেন।