ইলিশ ধরার দায়ে ২৭ জেলের দণ্ড
ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গতকাল বুধবার ভোলার সাত উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার লাখ ৪০ হাজার মিটার জাল, ১২টি মাছ ধরার নৌকাসহ ১২০ কেজি ইলিশ জব্দ করেছেন। মাছ ধরার দায়ে ২৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।এদিকে কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের জোনাল কমান্ডার সেলিম রেজা হারুন জানান, তাঁরা এক কোটি ৯০ লাখ ৭৩ হাজার টাকার জাল, ৮০ কেজি ইলিশ, পাঁচটি নৌকা জব্দসহ ছয় জেলেকে আটক করেছেন। মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ১১ দিন সরকার মেঘনা ও তেতুলিয়ায় মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ করেছে। এ জন্য ১৯০ কিলোমিটার জলসীমানায় (ভোলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া-পটুয়াখালির চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার ও মেঘনা নদীর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার) জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় মাছ ধরা, বাজারজাত, মজুদ ও বিপণন নিষিদ্ধ। চরফ্যাশন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, গতকাল দুটি অভিযানে নয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০ হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়। দৌলতখানের মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল, ১৫০টি ইলিশ, একটি নৌকা জব্দ এবং আট জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। তজুমদ্দিনে ১৫ হাজার মিটার জাল, দুটি নৌকা জব্দ করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানিয়েছেন। বোরহানউদ্দিনের মৎস্য কর্মর্কতা সঞ্জয় কুমার জানান, তাঁরা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করেছেন। লালমোহনে এক লাখ তিন হাজার মিটার জাল ও ৩০০টি ইলিশ এবং চারজনকে আটক করার কথা নিশ্চিত করেছেন মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস। ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে জেল দিয়েছেন। মনপুরার মৎস্য কর্মকর্তা বাবু অনিল চন্দ্র দাস জানান, তাঁরা পাঁচ হাজার মিটার জাল ও ৩০টি ইলিশ জব্দ করেছেন। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, ‘আমরা ভোলা সদরের রাজাপুর, রামদাসপুর, বিশ্ব রোডের মাথা, ইলিশা, গুড়া মিয়ারহাট, কাঠির মাথা, তুলাতলি, নাছির মাঝি, হেতনা, ভোলা খালের মাথাসহ সব মাছঘাটে মাছ ধরার নৌকাকে সরিয়ে খালের ভেতর ঢুকিয়ে তার মুখে পাহারা বসানো হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল, একটি নৌকা জব্দ করা হয়েছে।