ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ, চাল মিলল না জেলেদের

ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার শেষ হচ্ছে। তবে এ সময় জেলেদের জন্য ঘোষিত ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি চাল আজ রোববার পর্যন্ত পাননি সীতাকুণ্ডের চার হাজার জেলে।
আজ রাত ১২টার পর থেকে জেলেরা সাগরে গিয়ে ইলিশ ধরতে পারবেন। কোনো সহায়তা না পেয়ে ক্ষুব্ধ গরিব জেলেরা। তাঁরা বলছেন, আজ থেকে মাছ ধরতে পারলে প্রাপ্য এই সহায়তা তাঁদের খুব একটা উপকারে আসবে না।
তবে উপজেলা মৎস্য বিভাগ বলছে, জেলেদের সহযোগিতার বরাদ্দপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুর থেকে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে চাল ছাড় দেওয়া হয়েছে।
কিন্তু চেয়ারম্যানদের অভিযোগ, অনেক ইউনিয়ন বিতরণের চাল পায়নি। যারা পেয়েছে, তারা আজকের মধ্যে উপজেলা থেকে চাল সংগ্রহ করে তা বণ্টন করা সম্ভব নয়। তবে তারা চেষ্টা করবে দ্রুততম সময়ের মধ্যে বিতরণের জন্য।
ভাটিয়ারীর জেলে সরদার বাদল জলদাস প্রথম আলোকে বলেন, ‘মৎস্য বিভাগ থেকে দেওয়া নিষেধাজ্ঞাকে আমরা সম্মান জানিয়েছি। জেলেদের নিষেধ করেছি যাতে তাঁরা কোনোভাবে সাগরে মাছ না ধরেন। বেকার থাকায় অসচ্ছল জেলেদের চলতে অনেক কষ্ট হচ্ছে। সরকার চাল দেবে বলে এখনো দেয়নি। এ অবস্থা হলে আগামী দিনে জেলেদের আটকে রাখা কষ্টকর হবে। তারা তো না খেয়ে চলতে পারবেন না।’
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় কার্ডধারী জেলে রয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। কিন্তু পুরো উপজেলায় সহযোগিতা পাওয়ার যোগ্য জেলে রয়েছেন ৪ হাজার ৫০০ জন। বাকিদের কার্ড এখনো প্রস্তুত হচ্ছে। এবার ভিজিএফের আওতায় প্রত্যেকে ২০ কেজি করে মোট চার হাজার জেলের জন্য বরাদ্দ হয়েছে ৮০ টন চাল।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘জেলেদের ভিজিএফের চাল বিতরণের চিঠি পেয়েছেন গত মঙ্গলবার। গত বুধবার জেলেদের তালিকা তৈরি করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে দিয়েছেন। আজ রোববার উপজেলার বাঁশবাড়িয়া ও ছলিমপুর ইউনিয়নের চাল ছাড় হয়েছে। অন্য ছয় ইউনিয়নের চাল আগামীকাল ছাড় হবে।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি জেলেদের জন্য কোনো চাল হাতে পাননি। আজকে পেলে আজকে বিতরণ সম্ভব নয়। চাল বিতরণে একজন ট্যাগ অফিসার রয়েছেন। তিনি সময় দিলে তবে বিতরণ করা হবে। একই কথা বলেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, এবার জেলেদের ভিজিএফ চালের নির্দেশনা দেরিতে আসায় এমনটা হয়েছে। তিনি আশা করেন, দু-এক দিনের মধ্যে জেলেরা চাল হাতে পেয়ে যাবে।