ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ে পরিবর্তন আসছে
ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৯৮৫ সালের ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন’-এর কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনটির এ-সংক্রান্ত প্রস্তাবনার সংশোধনীর খসড়া সম্প্রতি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছে মৎস্য অধিদপ্তর। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত মতামত পেলে এটি আগামী সপ্তাহে গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতু ও আবহাওয়ায় নেতিবাচক পরিবর্তন ও বৈচিত্র্যের ফলে দেশের মৎস্য বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার আভাস দিয়ে আসছেন। এ জন্য তাঁরা ইলিশ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের পক্ষে মতামত দেন। দেরিতে হলেও সরকার এই উদ্যোগ নেওয়ায় দেশের ইলিশ সম্পদ রক্ষায় তা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশের মৎস্য বিশেষজ্ঞরা। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংশোধিত আইনানুযায়ী, আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও তা পরিবহন, বিপণন এবং মজুদ করা নিষিদ্ধ করা হয়েছে। আগে ১৫ থেকে ২৪ অক্টোবর এই ১১ দিনকে ইলিশের প্রজনন সময়কাল নির্ধারণ করে ওই সময়ে মৎস্য বিভাগের নির্দিষ্ট জলসীমায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ছিল। সংশোধিত আইন অনুযায়ী, নিষেধাজ্ঞাকালে এ কর্মকাণ্ডের জন্য আটক ব্যক্তিকে ন্যূনতম এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তি পুনরায় যতবার এই অপরাধ করবে, ততবার তার শাস্তির মেয়াদ ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। আইনটি সংশোধিত হয়ে গেজেট আকারে প্রকাশিত হলে এ বছর ৬ থেকে ১৬ অক্টোবর (১৯ থেকে ২৯ আশ্বিন) এই ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানা গেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ আইনটির সংশোধনী আনার বিষয়কে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা এ বিষয়টি অনেক দিন ধরেই অনুধাবন করছিলাম যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইলিশের প্রজনন ও উৎপাদনের মৌসুমে বড় ধরনের এক পরিবর্তন এসেছে বলে আমাদের ধারণা। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর এই পরিবর্তনের মাত্রা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। এর প্রভাবে ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমের আগ-পিছ হতে পারে বলে মনে হচ্ছে।’ দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, গত বছর এবং চলতি বছর বর্ষা মৌসুমে উপকূলের নদী ও বঙ্গোপসাগরে তেমন ইলিশ পাওয়া যায়নি। অথচ গত বছর শীত মৌসুমে হঠাৎ করেই উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। এটা অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা ঘটতে পারে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বায়োলজি ও জেনেটিক বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আইনটির সংশোধনের বিষয়ে বিস্তারিত জানি না। তবে জলবায়ুগত কারণে আমাদের পরিবেশ-প্রকৃতি ও ঋতুচক্রে একটা পরিবর্তনের আভাস আছে। ইলিশের প্রজনন ক্ষেত্রেও এর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। এখন সেটা মাথায় রেখে যদি এই সংশোধনী আনা হয়, তবে ইলিশ রক্ষায় এই সিদ্ধান্ত সুসংবাদ আনলেও আনতে পারে।’ মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ প্রকল্প পরিচালক জাহিদ হাবিব গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালের প্রণীত ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে’ প্রতিবছর ১৫ থেকে ২৪ অক্টোবর সময়কালকে ইলিশের প্রজনন সময় হিসেবে বিবেচনা করে ওই ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ করা নিষিদ্ধ রাখার বিধান ছিল। কিন্তু কালক্রমে ইলিশের প্রজনন সময়কাল কিছুটা সরে যাওয়ায় এই আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ ও মাঠপর্যায়ের জেলেদের সঙ্গে আলাপ করে দেখা গেছে, আশ্বিনের ভরা পূণির্মার দিন এবং পূর্ণিমার আগের পাঁচ দিন ও পরবর্তী পাঁচ দিনসহ মোট ১১ দিনই হচ্ছে ইলিশের প্রজননের উপযুক্ত সময়। এ সময় ইলিশ ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে বিচরণ করে। কিন্তু পুরোনো আইনের সময়সীমা অনুযায়ী, বর্তমান প্রজনন সময়কে কাজে লাগানো যাচ্ছে না। আর এতে প্রজনন সময়ে জেলেদের জালে অনেক মা ইলিশ ও জাটকা মারা পড়ে। এতে ইলিশের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিবেচনা করেই ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ ওই অংশটুকু সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।