ইলিশ ধরায় ৭ জেলেকে দণ্ড
নিষেধাজ্ঞা থাকার পরও নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে সাত জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের কাছ থেকে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহযোগিতা করে দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ।
ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, আটককৃত জেলেদের মধ্যে পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল আজ বুধবার ভোরে দৌলতদিয়া ঘাটেই পুড়িয়ে ফেলা হয়। এই জালের দাম পাঁচ লাখ টাকার বেশি। এ ছাড়া মাছগুলো দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে বিলি করা হয়।