ইলিশ ধরায় ৭৬ জেলে আটক, জেল-জরিমানা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে শরীয়তপুরে ৫৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে ১২ জেলেকে কারাদণ্ড এবং পটুয়াখালীর বাউফল উপজেলায় ছয়জনকে জেল ও দুজনকে জরিমানা করা হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ৫৬ জেলেকে আটক করেন। এর মধ্যে নড়িয়া থেকে ৩৪ জন এবং অন্যদের গোসাইরহাট, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
নির্বাহী হাকিম ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ বলেন, নড়িয়ায় আটক জেলেদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় বলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বাউফল (পটুয়াখালী): ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া নদীতে শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করেন। আটক জেলেদের মধ্যে ছয়জনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কুষ্টিয়া: কুমারখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, পদ্মায় গতকাল শনিবার ভোরে মৎস্য অধিদপ্তরে কর্মকর্তারা অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেন। এ সময় ২০ কেজি ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পীযূস চন্দ্র দে আটক হওয়া জেলেদের ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।