ইলিশ নিধনের ধুম নির্বিকার প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ সামনে রেখে ভোলায় সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করেই ইলিশ শিকারে মেতে উঠেছেন জেলেরা। তাঁরা রাত-দিন মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করছেন। অবৈধভাবে ইলিশ শিকারের বিরুদ্ধে প্রশাসনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
জানতে চাইলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক প্রথম আলোকে বলেন, নির্বাচনী ডামাডোলের কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যস্ত। এ কারণে অভিযান কম হচ্ছে, মাছ ধরাও চলছে।
ভোলা জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা সংরক্ষণের মৌসুম। এর মধ্যে মার্চ ও এপ্রিল—দুই মাস মেঘনা-তেঁতুলিয়া নদীতে জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও বহনও নিষিদ্ধ। সরকারি নিয়ম অনুযায়ী, এ সময় ৮৮ হাজার ১১২টি বেকার জেলে পরিবারের মধ্যে ৫২ হাজার ১৫০টি পরিবারকে সরকার মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে ১৬০ কেজি করে চাল দেবে। আর জেলেরা যেন চুরি করে মাছ না ধরতে পারেন, এ জন্য প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ জনপ্রতিনিধিরা তাঁদের নজরদারিতে রাখবেন এবং নিয়মিত নদীতে টহল দেবেন। তবে ফেব্রুয়ারি-মার্চ ও চলতি মাসে ভোলায় উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন হওয়ায় নদীতে অভিযান না চালিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন মাঠে নির্বাচনী দায়িত্ব পালন করেছে।
গত মার্চ ও চলতি মাসে সরেজমিনে দেখা গেছে, ভোলার উত্তর মেঘনা, রামদাসপুর, ইলিশা বিশ্বরোডের মাথার মাছঘাট, নাদোর মিয়ারহাট, কাচিয়া কাঠির মাথা, ধনিয়া তুলাতুলি, নাছিরমাঝি, শিবপুর ভোলা খালের মাথা, মাঝের চর, দৌলতখান মাঝিরহাট, মুন্সিরহাট, গুপ্তমুন্সি, চৌকিঘাটা, পাতারখাল, হাজিরহাটসহ বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন, মির্জাকালু; তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও তেঁতুলিয়ার তীরে শান্তিরহাট, গঙ্গাপুর, ভেলুমিয়া, ব্যাংকেরহাটসহ ১৩০টি মাছঘাটে প্রতিদিনই ইলিশ ও জাটকা ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে। পয়লা বৈশাখের আগে ইলিশ শিকারের মাত্রা অনেক বেড়ে গেছে। মেঘনা-তেঁতুলিয়া নদীতে প্রতিদিন কয়েক হাজার নৌকা-ট্রলার জাল পেতে ইলিশ-জাটকা ধরছে। সেই মাছ রাতে লঞ্চ, ট্রলার ও ট্রাকযোগে ঢাকা, বরিশাল ও চাঁদপুরের মোকামে যাচ্ছে। তবে কোথাও প্রশাসনের অভিযান চালানোর দৃশ্য চোখে পড়েনি।
জেলে ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পয়লা বৈশাখ সামনে রেখে রমরমা ব্যবসা করতে ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুরের আড়তদারেরা ইলিশ মজুত করছেন। এসব ইলিশ ভারতেও যাচ্ছে। তাই দামও অনেক চড়া।
ভোলার কয়েকজন আড়তদার বলেন, ঢাকার মোকামে এক কেজির বেশি ওজনের এক হালি (চারটি) ইলিশ ১০ থেকে ১২ হাজার টাকা, ৫০০ থেকে ৯৫০ গ্রামের ইলিশের হালি সাত থেকে আট হাজার, ২৫০ থেকে ৫০০ গ্রামের ইলিশের হালি তিন থেকে ছয় হাজার এবং জাটকা প্রতিটি ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মাছ ঢাকার মোকামে নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়।
কয়েকজন জেলে বলেন, অসাধু জেলেরা অবৈধ জালে ঠিকই মাছ ধরছেন, আবার আইন প্রয়োগকারী সংস্থাকে চাঁদা দিয়ে মুখ বন্ধ রাখছেন। তাই ইলিশ ধরা বন্ধ হচ্ছে না।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমরা চলতি মাসের আইনশৃঙ্খলা বৈঠকে পুলিশ, কোস্টগার্ড, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সব কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে জাটকা সংরক্ষণে কঠোর ভূমিকা পালন করতে বলেছি।’