ইলিশ নিয়ে জেলেরা ফিরলেও দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ থেকে সাত দিন পর বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে উপকূলে ফিরছেন কক্সবাজারের জেলেরা। কিন্তু তাতে খুশি নন জেলেরা। এর অন্যতম কারণ, ঈদ উপলক্ষে গত দুদিন তাঁদের কম দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে সাগরে জলদস্যুদের লুটপাট ও তাণ্ডবে বহু জেলে পরিবারে ঈদের আনন্দ মাটি হচ্ছে। গভীর সাগরে নেমে জলদস্যুদের প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, ১২টি ট্রলার থেকে ইলিশ মাছ নামানো হচ্ছে। সাড়ে ১১টার দিকে মাছ বিক্রির জন্য আরও ১১টি ট্রলার এ ঘাটে ভিড়েছে। এসব ট্রলারেও বিপুল ইলিশ দেখা গেছে। এফবি মদিনা ট্রলারের জেলে আলী আহমদ (৪৪) বলেন, ‘সাত দিন ধরে সাগরের প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ঘুরে মাত্র ৫৬৮টি ইলিশ ধরতে পেরেছি। প্রতিটি ইলিশের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। অথচ প্রতিটি ইলিশ বিক্রি করতে হয়েছে ৫৫০ টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়।’ এফবি সোনার তরী ট্রলারের জেলে আবুল কালাম (৪৭) বলেন, কাল (রোববার) ঈদ হতে পারে; তাই ক্রেতা নেই এই অজুহাতে ইলিশের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এতে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরেজমিন দেখা গেছে, শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট ছাড়াও গতকাল বিকেল পর্যন্ত নুনিয়াছটা, ৬ নম্বর ঘাট, কস্তুরাঘাট, মাঝেরঘাট, হাঙরপাড়া, বড়বাজার ঘাটে শতাধিক ট্রলার ইলিশ বিক্রি করছে। প্রতিটি ট্রলারে অন্যান্য মাছের পাশাপাশি ৪০০ থেকে ৬০০ ইলিশ ধরা পড়েছে। কক্সবাজার জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ঈদ উপলক্ষে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে আসছে। গতকাল শুক্রবারও কমবেশি সব ট্রলার ৪০০ থেকে ৫০০ ইলিশ বিক্রি করেছে। আজ শনিবার আরও বেশি ইলিশ আসতে পারে। এসব ইলিশ ব্যবসায়ীরা কিনে ট্রাক বোঝাই করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছেন। ইলিশের দাম কমিয়ে দেওয়া প্রসঙ্গে জয়নাল আবেদীন বলেন, কিছুদিন ধরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তা ছাড়া ঈদ একেবারে সন্নিকটে। মানুষ বহু আগে ঈদের মাছ কিনে রেখেছে। এ কারণে ইলিশের দাম কমে গেছে। তবে ঈদের পরদিন থেকে ইলিশের দাম দুই গুণ বেড়ে যাবে। কারণ, ঈদের পরদিন থেকে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তখন প্রচুর মাছের দরকার হবে। মহেশখালীর কুতুবজোম গ্রামের জেলে মনছুর আলম (৩৭) বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিশ নিয়ে কূলে ফেরার সময় সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা জিম্মি করে তাঁদের ট্রলারের প্রায় ৭০০ ইলিশ লুট করে। ফলে তাঁর পক্ষে পরিবারের কাউকে ঈদের জামাকাপড় কিনে দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদের আনন্দ মাটি করায় তিনি বারবার জলদস্যুদের গালমন্দ করছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, গভীর সাগরে গিয়ে জলদস্যুদের অপতৎপরতা বন্ধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া সাগরে নামার মতো আধুনিক জলযান পুলিশের নেই।