ইলিশ নেই, জেলে পল্লিতে হতাশা
‘গত তিন দিন তামাইত (থেকে) নদীতে জাল বাইয়া (ফেলে) কোনো ইলিশ পাই নাই। এই কয় দিন সংসারের কেউ এক বেলার বেশি খাইতে পারে নাই। পোলা দুইডা ও মাইয়াডার দিকে চাওন যায় না। তাই জাল বায়োন (জাল ফেলা) বাদ দিয়া আইজগো (আজ) হইতে রিকশা চালান ধরছি।’ কথাগুলো বলছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী গ্রামের জেলে চুন্নু বেপারি (৩৮)।
১০ বছর বয়স থেকেই বাবা সৈয়দ আলী বেপারি, বড় ভাই নুরুল, রফিক ও শফিজের সঙ্গে নদী থেকে ইলিশ শিকার করে আসছেন চুন্নু। প্রায় ১৬ বছর আগে বাবা মারা যাওয়ার পর চার ভাই আলাদা হয়ে মাছ ধরা শুরু করেন। বাবার পেশাকে দীর্ঘদিন পর্যন্ত আঁকড়ে আছেন তাঁরা।
কিন্তু দুই মাস আগে রুপালি ইলিশের ভরা মৌসুম শুরু হলেও উপকূলীয় তেতুলিয়া ও লোহালিয়া নদীতে ইলিশ ধরা পড়ছে না। ফলে চুন্নুর মতো বাউফল উপজেলার ধুলিয়া, নিমদী, ধানদী, কেশবপুর, চরমিয়াজান, চর ওয়াডেল, চর রায়সাহেব, কালাইয়া, কচুয়া, বগী গ্রামের কমপক্ষে দেড় হাজার জেলে মানবেতর জীবনযাপন করছেন। চরম হতাশায় দিন কাটছে তাঁদের। কীভাবে মহাজন ও দাদনদারদের দেনা পরিশোধ করে পরিবার নিয়ে বেঁচে থাকবেন, এই চিন্তায় হতাশ হয়ে পড়েছেন। অনেকে মাছ ধরা বাদ দিয়ে অন্য পেশায় ঝুঁকছেন।
গত সোমবার সকালে সরেজমিনে উপজেলার কালাইয়া ও বগী খালে কয়েকজন জেলের সঙ্গে কথা হয়। ইলিশের মৌসুমে নদীতে মাছ না পেয়ে কীভাবে সংসার চলছে, এমন প্রশ্নের জবাবে মুনসুর সরদার বলেন, ‘মালিকেরা (আড়তদার) দিলে খাওন জুটে। না অইলে উপোষ থাহা লাগে।’
কালাইয়া বাণিজ্যিক কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী অমর দাস বলেন, জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে আশ্বিন মাস পর্যন্ত ইলিশের মৌসুম। এর মধ্যেই দুই মাস চলে গেছে। কিন্তু জালে ইলিশ ধরা পড়ছে না। তিনি আরও বলেন, এক কোটি টাকা দাদন দিয়ে চিন্তায় পড়েছেন। নদীতে মাছ নেই, কীভাবে আসল টাকা উঠবে তাও বুঝতে পারছেন না।
মৎস্য ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, আগে আষাঢ় মাসে প্রতিদিন জেলেরা ট্রলার বোঝাই করে ইলিশ মাছ নিয়ে আড়তে আসতেন। কিন্তু গত এক মাসেও ইলিশ বোঝাই কোনো ট্রলার আড়তে আসেনি। অথচ তাঁর দেড় কোটি টাকা জেলেদের অগ্রিম দেওয়া আছে। এ অবস্থা চলতে থাকলে জেলেরা টাকা পরিশোধ করতে পারবেন না। তখন পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। সামনের বছর থেকে এ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় নামবেন বলে জানান।
চর মিয়াজানের জেলে শহিদুল জানান, পাঁচ সদস্যের সংসার তাঁর। ৫০ হাজার টাকা দাদন নিয়ে নৌকা মেরামত করেছেন। গত দুই মাস নদীতে জাল ফেলে মাত্র সাতটি ইলিশ পেয়েছেন। এ অবস্থায় কীভাবে দাদনের টাকা পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না।
কালাইয়া জেলেপল্লির সর্দার সত্তার মাঝি জানান, অধিকাংশ জেলে পরিবার মহাজন ও আড়তদারদের কাছ থেকে দাদন নিয়েছেন। আবার কেউ কেউ জমিজমা বন্ধক রেখে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছেন। সেই টাকায় জাল ও নৌকা ঠিকঠাক করে ইলিশ শিকারে নেমেছেন। আশায় বুক বেঁধেছেন চলতি মৌসুমে গত বছরের লোকসান কাটিয়ে উঠবেন। কিন্তু নদীতে জাল ফেলে দিন-রাত পরিশ্রম করেও খালি হাতে ফিরতে হচ্ছে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশ প্রজননের ওপর প্রভাব পড়েছে। তা ছাড়া নাব্যতা সংকটের কারণেও নদীতে ইলিশ আসছে না।
পটুয়াখালী জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, দুশ্চিন্তার কারণ নেই। ভারী বৃষ্টি হলেই সাগর ও নদীতে ইলিশ ধরা পড়বে। তখন জেলেরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।