ইলিশ বাড়ছেধরে রাখার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর ২০১৬, প্রথম আলোর আয়োজনে ‘ইলিশ বাড়ছে: ধরে রাখার উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

.
.

আলোচনায় সুপারিশ

* ইলিশের​ বেশি উৎ​পাদন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সুনির্দিষ্ট কী কারণে বেশি উৎ​পাদন হয়েছে, ভবিষ্যতের জন্য এর গবেষণা জরুরি

*   দরিদ্র জেলেদের শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমস্যা রয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় তাঁদের অনেক বেশি সহযোগিতা দিতে হবে

* ইলিশ সংরক্ষণে একটি স্বতন্ত্র তহবিল গঠন করা প্রয়োজন, যেন দুর্যোগের সময় জেলেদের বেশি করে সহায়তা দেওয়া যায়

* সঠিক বৈ​জ্ঞানিক তথ্যের ভি​িত্ততে মা–ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করতে হবে।

* জেলেদের মাছ ধরার অাধুনিক সরঞ্জাম দিতে হবে

আলোচনা

আব্দুল কাইয়ুম: এ বছর ইলিশ মাছের ব্যাপক প্রাচুর্য দেখা গেছে। ইলিশ মাছের দামও এ বছর কম। সরকারসহ সংশ্লিষ্ট সবার উদ্যোগের ফলে এটি সম্ভব হয়েছে। বিগত বহু বছরের মধ্যে এত ইলিশ এ দেশের নদ-নদীতে আর দেখা যায়নি।

আজকের আলোচনার শিরোনাম ‘ইলিশ বাড়ছে: ধরে রাখার উপায়’। কীভাবে দেশে ইলিশের উৎ​পাদন বৃদ্ধি পায়, এ জন্য কী করণীয়, সেসব বিষয়ে আজকের আলোচনা। এখন এ বিষয়ে আলোচনা করবেন সৈয়দ আরিফ আজাদ।

সৈয়দ আরিফ আজাদ
সৈয়দ আরিফ আজাদ

সৈয়দ আরিফ আজাদ
ইলিশ আমাদের জাতীয় মাছ। এর প্রতি আমাদের দায়বদ্ধতাও অনেক বেশি। আজ এ মাছের উৎপাদন বৃদ্ধিতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবচেয়ে বেশি অবদান রেখেছেন জেলে ভাইয়েরা। তাঁরা প্রথমে ১১ দিন, পরে ১৫ দিন মাছ ধরেননি। এ ক্ষেত্রে গণমাধ্যম, কোস্টগার্ড, জেলা প্রশাসক, পুলিশ, নৌকার মালিক, আড়তদার, সংশ্লিষ্ট আরও অনেকের ব্যাপক সহযোগিতার ফলে আজ ইলিশের এ উৎপাদন সম্ভব হয়েছে।
কয়েক বছর আগে ইলিশের উৎপাদন খুব হতাশাজনক ছিল। সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। ২০১১ সাল থেকে বিশেষ পরিকল্পনা নিই। এ সময়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি আলোচনা সভা করা হয়। এ সভা থেকে ১১ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। শুধু এটাই নয়, সাগরের ৭ হাজার বর্গকিলোমিটারে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। বিশেষ করে, ইলিশের ওপর কড়া নজর রাখা হয়।

আজ দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। এ রকম ওজনের মাছ হতে তিন থেকে চার বছর সময় লাগে। অর্থাৎ, ২০১১ সাল থেকে যে ইলিশ সংরক্ষণ করা হচ্ছে, আজ তারই ফল আমরা পাচ্ছি।

মাছ সাগরে থাকলেই ধরা পড়ে না। অনেক সময় ইলিশ মাছ গভীর পানি থেকে উঠে আসে না। এর জন্য প্রয়োজন অনুকূল আবহাওয়া। যেমন পর্যাপ্ত বৃষ্টি, পানির চাপ, খাদ্য ইত্যাদি। এই মাছের প্রথম হকদার হচ্ছেন অতিদরিদ্র জেলেরা। তাঁদের ধরার জন্যই মাছ সংরক্ষণ করা হয়। মাছ ধরতে পারলে তাঁদের ভাগ্যের কিছুটা পরিবর্তন হয়। আবার মাছ না ধরলে প্রকৃতির নিয়মেই কোনো–না–কোনোভাবে এটা শেষ হয়ে যাবে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য গণসচেতনতা অত্যন্ত জরুরি। আজ যে বিশাল পরিমাণ ইলিশের উৎপাদন হচ্ছে, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা বড় ভূমিকা রেখেছে। ২০১১ সাল থেকে জাটকা না ধরার জন্য বাগেরহাট থেকে শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত বড় বড় সমাবেশ করেছি। এসব সমাবেশে রাজনৈতিক নেতা, প্রশাসন, সাধারণ মানুষ—সবাই অংশ নিয়েছেন।

একজন জেলের সামর্থ্য নেই লাখ টাকা খরচ করে মাছ ধরার সরঞ্জাম কেনার। এগুলো যাঁরা সরবরাহ করেন, তাঁদের উদ্বুদ্ধ করেছি। বিভিন্নভাবে জেলেদের প্রণোদনা দিয়েছি। ২০০৯ সালের পর গত আট বছরে জেলে ভাইদের দুই লাখ মেট্রিক টন খাদ্যশস্য দিয়েছি। কিন্তু এর আগের সাত বছরে  খাদ্যশস্য দেওয়া হয়েছে মাত্র প্রায় সাত হাজার মেট্রিক টন।

ইলিশ মাছ সংরক্ষণে এই বেশি পরিমাণ খাদ্যশস্য বিতরণও একটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করি। জেলেদের প্রণোদনা, গণমানুষের ব্যাপক সচেতনতা ও প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ আজকের ইলিশ উৎপাদনে অন্যতম ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ সাফল্য বজায় থাকবে বলে আশা করি।

ইয়াহিয়া মাহমুদ

ইয়াহিয়া মাহমুদ
ইয়াহিয়া মাহমুদ

১৯৮৪ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গড়ে ওঠে। ১৯৮৬ সাল থেকে ইলিশ মাছের উন্নয়ন নিয়ে গবেষণা হচ্ছে। কখন ইলিশ ডিম দেয়, কখন মা–ইলিশ ধরা যাবে না, এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। এরই ধারাবাহিকতায় ২০০৩ সালে ইলিশ মাছ ব্যবস্থাপনা কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আজ ইলিশের উৎপাদন নিয়ে আমরা গর্বিত। কিন্তু একই সঙ্গে আমাদের কিছু চ্যালেঞ্জও রয়েছে। চ্যালেঞ্জ হলো, ইলিশের এই উৎপাদন ধরে রাখা। গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে ইলিশ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে আলোচনায় কিছু বিভ্রান্তিও তৈরি হচ্ছে। ইলিশ জলবায়ু, খাদ্য, প্রজননসহ বিভিন্ন কারণে জায়গা বদলাতে পারে।
এ বছর পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে। কী কারণে এটি হয়েছে, এ বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ কী, সেটা গবেষণা করা প্রয়োজন।

ইলিশের বিস্তৃতি এখন অনেক বেড়েছে। বলা হয়, ১০ মিটার গভীর পানিতে ইলিশ চলাচল করতে পারে। ইলিশ চলাচলের পথগুলো ঠিক করতে হবে। এদের চলাচলের পথে কী কী বাধা আছে, সেটা দূর করতে হবে। আজ মহানন্দা নদীর মতো অনেক নদীতে ইলিশ ধরা পড়ছে, যেটা আগে কখনো দেখা যায়নি। এখন প্রধান বিষয় হলো, এই উৎপাদন ধরে রাখার জন্য আমাদের যা যা করার প্রয়োজন, তার সবই করতে হবে।

ইলিশ মাছ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। ইকোফিশ প্রকল্প কাজ করছে। আমরা গবেষণা করছি। তাই বেশি ইলিশ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছি।

আমাদের গবেষণাকে আরও উন্নত করতে জাতীয় পর্যায়ে একটি কর্মশালার আয়োজন করব। এখান থেকেও অনেক দিকনির্দেশনা আসবে। একটি সুখবর হলো, শুধু ইলিশ গবেষণার জন্য একটি প্রতিষ্ঠানের অনুমোদন পাওয়া গেছে। এটি বাস্তবায়িত হলে গবেষণার জন্য অনেক দূর এগিয়ে যেতে পারব।

নাথান সেইজ

নাথান সেইজ
নাথান সেইজ

ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা ইলিশ মা​েছর ওপর নির্ভরশীল। এ মাছের উৎপাদন বাড়লে এটা এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।
এ দেশের সরকার, সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট প্রায় সবাই ইলিশ রক্ষায় এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র সরকার ১৯৯৮ সাল থেকে বন, জলাশয় ও নদ-নদী সংরক্ষণে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে। এ বছর অনুকূল জলবায়ু ও সরকারের ইতিবাচক বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাপক ইলিশ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ দেশের অনেক দরিদ্র মানুষ মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

বাংলাদেশের পদ্মা-মেঘনা নদীর প্রকৃতি এমন যে, এটা মাছ উৎপাদনের জন্য খুবই অনুকূল। শুধু ইলিশ নয়, বাংলাদেশ অন্যান্য মাছ উৎপাদনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ভবিষ্যতে এটি আরও সম্প্রসারিত হবে।

হোসেন জিল্লুর রহমান

হোসেন জিল্লুর রহমান
হোসেন জিল্লুর রহমান

আজ দেশের সর্বত্র ইলিশের যে প্রাচুর্য দেখা যাচ্ছে, সেটা এক দিনে হয়নি। সরকারসহ সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। ইলিশের প্রাচুর্য নিয়ে আমরা গর্ব করছি। এর জন্য যে দরিদ্র জেলেরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের ভাগ্যের পরিবর্তনটাও যেন সমান্তরালভাবে হয়, সেটিও আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
কোনো সন্দেহ নেই, আগের তুলনায় অনেক বেশি খাদ্যশস্য সরকার দরিদ্র জেলেদের সহায়তা দিয়েছে। কিন্তু জেলেদের ৭০ শতাংশের মাসিক আয় ১০ হাজার টাকার কম।
ইলিশ মাছ ধরা বন্ধের সময় এখন আগের চেয়ে বাড়ানো হয়েছে। আগে সর্বোচ্চ ১৫ দিন মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ২২ দিন। আমরা গবেষণা করে দেখেছি, এসব দরিদ্র জেলেকে শুধু খাদ্য সহায়তা দিলে হবে না, তাঁদের নগদ সহায়তারও জরুরি প্রয়োজন।

আমার প্রস্তাব থাকবে, খাদ্য সহায়তার সঙ্গে যেন নগদ সহায়তার ব্যবস্থা করা হয়। মৎস্য অধিদপ্তর মাছ ধরার সঙ্গে যুক্ত দরিদ্র জেলেদের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারে। এর আওতায় তাঁদের সব ধরনের সহযোগিতার ব্যবস্থা থাকবে।

এখানে বড় রকমের দাদন ব্যবস্থা রয়েছে। অনেকে দীর্ঘ মেয়াদে ঋণের জালে বন্দী। তাঁরা ঋণ থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না।

দাদন প্রথাকে কঠোর সমালোচনার কিছু নেই। ব্যাংক দরিদ্র জেলে​েদর ঋণ দেয় না, দেবে বলে মনেও হয় না; বরং দাদন ব্যবসায়ীরা তাঁদের সহায়তা করছেন। এ​​ ক্ষেত্রে গবেষণার প্রয়োজন কীভাবে দাদন প্রথাকে সংস্কার করা যায়। নৌকা ও মাছ ধরার জালের সঙ্গে জেলেদের একটা মালিকানার ব্যবস্থা করা যায় কি না, সেটা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

দক্ষিণাঞ্চলের এসব দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমস্যা রয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় তাঁদের অনেক বেশি সহযোগিতা দিতে হবে।

ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। স্থানীয় চাহিদা পূরণ করে বেশি দামে রপ্তানির বিষয়টিও ভাবা প্রয়োজন।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। ব্যাপকভিত্তিক মৎস্য চাষের উদ্যোগ নিলে মৎস্য খাত আমাদের জিডিপিতে বিশাল অবদান রাখতে পারে। দেশে মৎস্য চাষ করা হচ্ছে। কিন্তু মৎস্য চাষের যে সম্ভাবনা রয়েছে, তার তুলনায় মৎস্য চাষের পরিমাণ অনেক কম।

আতিক রহমান

আতিক রহমান
আতিক রহমান

ইলিশ আমাদের প্রধান মাছ। দেশের অর্থনীতির ওপর এর প্রভাব আছে। সম্ভবত চিংড়ির পর এর অবস্থান। ইলিশ, চিংড়ি, সাদা মাছ—এসবই দেশের বিরাট সম্পদ।
২০ বছর ধরে দেশের অন্যতম বিজ্ঞানী ইউসুফ আলীর নেতৃত্বে বন ও মৎস্য গবেষণার কাজ করছি। পোলট্রি, সবজি উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। মাছের ক্ষেত্রেও বিপ্লব হচ্ছে, আবার থেমে যাচ্ছে। এটাকে সঠিকভাবে এগিয়ে নিতে হবে।
দেশের দরিদ্র জেলেগোষ্ঠীর বড় রকমের ত্যাগ স্বীকারের ফলে ইলিশের ব্যাপক সরবরাহ হয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব দক্ষিণাঞ্চলের দরিদ্র জেলেদের। তাঁদের আর্থিক অবস্থার কথা অবশ্যই আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
মাছ সংরক্ষণ করে যে মাছ বাড়ানো যায়, এটা আমরা সাদা মাছ সংরক্ষণ থেকে শিখেছি। বিলে বছরে কয়েকবার মাছ ধরা হয়। আমরা একটা এলাকার বিলে বছরের শেষ দিকে, এক বা দুবার মাছ ধরতে নিষেধ করলাম। তাঁদের আর্থিক সুবিধা দেওয়া হলো। তিন বছর পর দেখা গেল, সেখানে মাছ চার গুণ হয়েছে। এই সংরক্ষণ পদ্ধতিই ইলিশে এল। অর্থাৎ, ছোট ইলিশ না ধরে তাদের মা হওয়ার সুযোগ দিতে হবে। ফলে আজ লাখ লাখ ইলিশ ধরা পড়ছে।

সামাজিক ও আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশ সংরক্ষণে  ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি গবেষণা করি। এ গবেষণা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে পুরস্কার অর্জন করে। পৃথিবী স্বীকার করছে ইলিশ সম্পদকে বিশেষভাবে গ্রহণ করা যায়। এ গবেষণা নিয়ে সরকার ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেছি। এখন ওয়ার্ল্ডফিশের ইকোফিশের অংশ হিসেবে কাজ করব।

ইলিশ সংরক্ষণ তহবিল নামে একটি স্বতন্ত্র তহবিলের কথা ভাবা হচ্ছে। ভারত, বাংলাদেশ ও মিয়ানমার—এই তিন দেশ ইলিশ সংরক্ষণের জন্য কাজ করতে পারে কি না, সেটাও ভাবা প্রয়োজন।

ইতিমধ্যে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে গেছে। এই শতাব্দীর শেষে ২ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা সম্ভব হবে কি না, জানি না। তাপমাত্রার এই বৃদ্ধির ফলে মাছের আচরণ কীভাবে বদলাবে, আমরা জানি না। তবে সমুদ্রের মাছ যে ধীরে ধীরে কম তাপমাত্রার দিকে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

খাদ্য গ্রহণ ও ডিম ছাড়ার জন্য নদী ও সাগরের মধ্যে ইলিশ মাছের চলাচলের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা বেড়ে গেলে এই সম্পর্ক কী হবে, এখনো এ বিষয়ে কিছু জানা যাচ্ছে না।

দেশের নদীগুলোর গভীরতা কমে যাচ্ছে। এটা ইলিশ মাছ বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। এসব ক্ষেত্রে অনেক গবেষণার প্রয়োজন।

মো. আনসার আলী মোল্লা

মো. আনসার আলী মোল্লা
মো. আনসার আলী মোল্লা

আজ ইলিশ মাছের ব্যাপক উৎপাদনের জন্য মৎস্য অধিদপ্তর, প্রশাসনসহ সবাই চেষ্টা করছে। সবার আন্তরিক ইচ্ছার কারণে পর্যাপ্ত ইলিশের উৎপাদন হয়েছে।
ইলিশ বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম অবদান রেখেছে দক্ষিণাঞ্চলের দরিদ্র জেলেসমাজ। জেলেরা অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন। তবুও মা–ইলিশ ধরেননি। একটা নির্দিষ্ট সময় এ মাছ ধরা বন্ধ রেখেছেন। দরিদ্র জেলেদের ত্যাগ স্বীকারের জন্য ইলিশের ফলন এত বেড়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই দরিদ্র জেলেগোষ্ঠীর ভাগ্যের তেমন পরিবর্তন হচ্ছে না। সরকার থেকে তাঁদের সহযোগিতা করা হলেও এই সহযোগিতা যথেষ্ট নয়। তা ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হয়। সম্পূর্ণ সহযোগিতা তাঁদের হাতে পৌঁছায় না।
জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। তাই জেলেদের মাছধরার আধুনিক সরঞ্জামের, যেমন উচ্চক্ষমতাসম্পন্ন মাছধরার ট্রলার, বয়া, টর্চলাইট ইত্যাদি দেওয়া প্রয়োজন।

ইলিশের প্রজনন হয় এমন অনেক নদীতে নাব্যতা কমে গেছে। যেমন আন্ধারমানিক নদ, লতা চাপলি, পায়রা বন্দর, ঢালচর, সন্দ্বীপ, কুতুবদিয়া, চর মোন্তাজ চ্যানেল ইত্যাদি জায়গায় নাব্যতার অভাবে অনেক সময় জেলেরা গভীর সাগর থেকে প্রায় তীরে এসে প্রাণ হারান। আবার ইলিশের প্রজননও ব্যাহত হয়। তাই এসব জায়গার নাব্যতার বিষয়টি জরুরি ভিত্তিতে ভাবা দরকার।

জেলেরা যেন কোনো অবস্থায় বিপদে না পড়েন, সে জন্য একটা জেলে কল্যাণ তহবিল গঠন করা প্রয়োজন। বর্তমানের তুলনায় আরও বেশি খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন।

সাধারণ মানুষকে সচেতন করার জন্য জারিগান ও নাটিকার ব্যবস্থা করা যে​েত পারে। জেলেদের একটা বড় দুঃখের বিষয় হলো, তাঁরা অনেক কষ্ট করে মা–ইলিশ ধরেন না অথচ ভারতের ট্রলার এসে ধরে নিয়ে যায়। সবার সহযোগিতায় যে করেই হোক ইলিশ মাছ রক্ষার সার্বিক উদ্যোগ নিতে হবে।

এম আই গোলদার

এম আই গোলদার
এম আই গোলদার

ইকোফিশ গবেষণাধর্মী কাজ করে। এ গবেষণার ফল ইলিশের ক্ষেত্রে কাজে লাগবে। প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য স্থানীয় সংগঠনগুলো ভালো কাজ করে। স্থানীয় মানুষকে নিয়ে সংগঠন করা প্রয়োজন। তাঁদের প্রশিক্ষণ দেওয়া দরকার। তাঁরা কীভাবে কাজ করবেন, এর জন্য দিকনির্দেশনাও প্রয়োজন। এ সংগঠনগুলো ঠিকভাবে কাজ করলে সমাজে এর ব্যাপক প্রভাব পড়ে। ইকোফিশ দরিদ্র জেলেদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে।
নীতিনির্ধারণী পর্যায় থেকে মাছ সংরক্ষণের কাজ যেন চলমান থাকে, এ জন্য ইকোফিশ নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে। এ ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি।
আমরা ইলিশ মাছ ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ে কাজ করছি। এ পরিকল্পনা বাস্তবায়নে বড় সমস্যা জনবলের। বিভিন্ন পর্যায় থেকে জনবলের স্বল্পতার কথা বলা হচ্ছে। জনবল স্বল্পতার জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। তিনি অনেক চেষ্টা করে বিভিন্ন জেলা থেকে লোকবল এনে ইলিশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ মেয়াদে এভাবে একটি কাজ করা সম্ভব নয়। তাই দ্রুততম সময়ের মধ্যে জনবলের সমস্যা দূর করা জরুরি।

আমার ইলিশ সংরক্ষণে বিভিন্ন গ্রুপ করেছি। তাঁরা ইলিশ মাছ সংরক্ষণে কাজ করছেন। নারীদের জন্য সঞ্চয় প্রকল্প করেছি। এর মাধ্যমে নারীরা উপকৃত হবেন। আমরা এখন উপকূলীয় মানুষকে নিয়ে অনেক সংগঠন করব। কারণ, বাংলাদেশের স্থানীয় সংগঠন সামাজিক কাজের উদ্যোগের জন্য পুরস্কার পেয়েছে।

আমাদের দেশের স্থানীয় সামাজিক সংগঠনগুলো ভালো করে, সেটা প্রমাণিত হয়েছে। তাই উপকূলীয় অঞ্চলের স্থানীয় সংগঠনগুলোকে এমনভাবে তৈরি করব, যেন তারা ইলিশ মাছ সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখতে পারে। আমাদের গবেষণা ও কাজের সফলতা ভবিষ্যতে মৎস্য অধিদপ্তর কাজে লাগাতে পারবে।

বাংলাদেশের একটা প্রবণতা হলো, প্রকল্প শেষ হলে সে কাজের আর ধারাবাহিকতা থাকে না। একটা ভালো কাজ যেটা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেটা যেন চলমান থাকে, সে জন্য এসব প্রকল্প চলমান রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জাটকা সংরক্ষণে কেন্দ্রীয়, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি আছে, এদের আরও ব্যাপক ভিত্তিতে কাজে লাগানো প্রয়োজন। সার্বিকভাবে উদ্যোগ নিলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা করি।

নিয়ামুল নাসের 

নিয়ামুল নাসের
নিয়ামুল নাসের

ইলিশ মাছ নিয়ে প্রাথমিক গবেষণার কাজ আমাদের বিভাগ থেকে হয়েছে। ২০১১ সাল থেকে নীতিনির্ধারণী পর্যায় ও বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করার দিকে এগিয়েছি।
আমরা ভারতের সঙ্গে কাজ করেছি। ভারত যেন প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরে, এ জন্য তাদের অনুরোধ করছি। ২০১৪ সালে প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার জন্য ভারত আইন করেছে।
ইলিশ বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এক জায়গায় দল বেঁধে থাকে। বঙ্গোপসাগর থেকে ইলিশ বাংলাদেশের মেঘনা, ভারতের ভাগীরথী ও হুগলী, মিয়ানমারের ইরাবতী নদীতে প্রবেশ করে।
একটা মজার ব্যাপার হলো, মা–ইলিশগুলো প্রজননের সময় সাধারণত বাংলাদেশের মেঘনা নদীতে প্রবেশ করে। বাংলাদেশ যেভাবে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ করতে পেরেছে, ভারত সেভাবে পারছে না।
আমরা যখন উপকূল অঞ্চলের জেলেদের সঙ্গে কাজ করি, তখন তাঁদের অনেক সমস্যা দেখতে পাই। যেমন ওখানে শিক্ষাব্যবস্থা খুব দুর্বল। স্কুল প্রায় নেই বললেই চলে। ফলে তাঁরা শিক্ষা থেকে বঞ্চিত। দরিদ্র জেলেদের সন্তান ও তাঁদের কাজে লাগাতে গেলে যে একটি ন্যূনতম শিক্ষার প্রয়োজন হয়, সেটা তাঁদের নেই।

এখানকার স্বাস্থ্যব্যবস্থাও একই রকম। সরকার জেলেদের শুধু খাদ্য সহায়তা দিচ্ছে। এর সঙ্গে যদি শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সমস্যা দূর করার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তাঁদের সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না।

ইলিশ মাছ অনুমান করতে পারে, যেমন পানিদূষণের মাত্রা কেমন, কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কোথায় কেমন খাদ্য আছে ইত্যাদি। ইলিশ দিন থেকে রাতে বেশি বিচরণ করে ও পানির ওপরের দিকে উঠে আসে। দিনে গভীর পানিতে চলে যায়। জোছনা রাতে এরা বেশি প্রজনন–প্রক্রিয়া করে থাকে বলে ধারণা করি।

ইলিশ প্রজনন–প্রক্রিয়ার জন্য প্রায় ৭ হাজার কিলোমিটার জলসীমা ব্যবহার করে। এখানে ব্যাপক সচেতনতা ছাড়া শুধু পাহারা দিয়ে রাখা যাবে বলে মনে হয় না। তাই ইলিশ সংরক্ষণে সচেতনতার ওপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে।

শকুন্তলা থিলস্টেড

শকুন্তলা থিলস্টেড
শকুন্তলা থিলস্টেড

বাংলাদেশে ইলিশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। স্বাদ ও ঘ্রাণের জন্য ইলিশ একটি অন্যতম বিশেষ ধরনের মাছ। মাছের পুষ্টিগুণ নিয়ে বলতে চাই। কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য মাছ অত্যন্ত ভালো। মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য মাছের বিরাট অবদান আছে।
বিশ্বের কিছু দেশে, বিশেষ করে ডেনমার্কে মানুষের বয়স অনুসারে মাছ খাওয়ার নির্দেশনা আছে। বিশেষ করে, নারী, গর্ভবতী নারী ও শিশুদের জন্য মাছের গুরুত্ব অনেক বেশি।
ডেনমার্কে বয়সের ভিত্তিতে বিভিন্ন ধরনের চর্বিজাতীয় মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব ক্ষেত্রে ইলিশ একটি অন্যতম মাছ। এ মাছে উচ্চমাত্রায় উপকারী ফ্যাটি অ্যাসিড আছে। এই ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বাংলাদেশে প্রায় ৫০০ প্রজাতির মাছ আছে। এর মধ্যে ইলিশে সবচেয়ে বেশি উপকারী ফ্যাটি অ্যাসিড আছে। বাংলাদেশের জনসংখ্যার কথা ভাবলে ইলিশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এত বিশাল জনগোষ্ঠীর পুষ্টি ও ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইলি​েশ শুধু পুষ্টি ও ফ্যাটি অ্যাসিডই থাকে না, এর রয়েছে অনন্য স্বাদ ও ঘ্রাণ। এ জন্য বিশ্বের অন্য দেশের মানুষের কাছেও এটি জনপ্রিয় মাছ।

আগে বাংলাদেশের ধনী লোকেরাই এ মাছ খেতে পারতেন, এবার ইলিশ সংরক্ষণের জন্য এত উৎপাদন হয়েছে যে সব শ্রেণির মানুষ ইলিশ খেতে পারছেন। তাই এ মাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। ইলিশ মাছ সংরক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মো. আব্দুল ওহাব

মো. আব্দুল ওহাব
মো. আব্দুল ওহাব

সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় এবার ইলিশ মাছের ব্যাপক প্রাচুর্য দেখা দিয়েছে। ধনী-দরিদ্র সব শ্রেণির মানুষ ইলিশ খেতে পারছে। দেশের অর্থনীতিতে ইলিশের অবদান যোগ হবে।
ইলিশ ধরার সঙ্গে জড়িত জেলে সম্প্রদায়, ব্যবসায়ী সবাই লাভবান হচ্ছেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছর ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। এবার মানুষের কল্পনাতীতভাবে ইলিশের উৎপাদন বেড়েছে।
ইলিশের উৎপাদনে মৎস্য অধিদপ্তরের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ মেট্রিক টন। কিন্তু এবার উৎপাদন আরও অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। ইলিশের মাধ্যমে কম-বেশি সবারই পুষ্টির চাহিদা পূরণ হবে বলে মনে করছি।
এ বছর এত বেশি পরিমাণ ইলিশ উৎপাদনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইলিশ সংরক্ষণে তিনি রাত-দিন চেষ্টা করেছেন। এর সঙ্গে জেলে সম্প্রদায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ও নাথান সেইজের আন্তরিক ইচ্ছায় ইকোফিশ প্রকল্পের সৃষ্টি হয়েছে। ২০১৪ সাল থেকে এ প্রকল্প কাজ করছে। প্রকল্পটি মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে।

আমাদের নদ-নদী, সমুদ্রসহ যে জলাশয় রয়েছে, সেখান থেকে ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা সম্ভব। আমাদের পরপর দু-তিন বছর যদি ইলিশ মাছের উৎপাদন একই হারে হতে থাকে, তাহলে এর একটা অংশ রপ্তানির জন্য সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এ বছর অন্যান্য বছরের তুলনায় বড় মাছের সংখ্যা অনেক বেশি। যখনই এভাবে বড় মাছ পাওয়া যায়, তখনই বুঝতে হবে আমাদের ইকোসিস্টেমের উন্নতি হয়েছে। আমরা মনে করি, নদীর পানির দূষণের মাত্রা স্বাভাবিকভাবে অথবা বেশি বৃষ্টির ফলে কমেছে।

ভবিষ্যতে যে করেই হোক নদ-নদীগুলো যেন দূষিত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া জরুরি। পদ্মা ছাড়া অন্য নদ-নদীর ইলিশ অপেক্ষাকৃত বড়। পদ্মার ইলিশের পেট চওড়া এবং পিঠের দিকটা মোটা। এ ইলিশের স্বাদ ও ঘ্রাণ সবচেয়ে বেশি। সবাই পদ্মার ইলিশ বেশি পছন্দ করে।

আমার ধারণা, ঘোলা পানির ডায়াটম (উদ্ভিদ কণা) বেশি সুস্বাদু, যা ইলিশের খাবার। এ জন্য পদ্মার ইলিশের স্বাদ বেশি।

একশ্রেণির ছোট ইলিশ আছে, যার মধ্যে ডিমও আছে। আমার মনে হয়, সব ইলিশের পোনা একই রকম শক্তি-সামর্থ্য নিয়ে বড় হতে পারে না। দুর্বল পোনাগুলো আর সমুদ্রে ফিরে যেতে পারে না। নদীকেই এরা জীবনযাত্রার নিয়তি বলে মনে করে। এদের থেকে যে ইলিশ উৎপাদিত হয়, তারাও ছোট হয়। এভাবে ছোট ইলিশের একটি প্রজন্ম গড়ে উঠেছে বলে মনে করি।

এখন ইলিশ সংরক্ষণে যেভাবে মানুষ সচেতন, তাতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করি।

সৈয়দ আরিফ আজাদ
আমাদের একটা স্বপ্ন হলো উপকূলীয় অঞ্চলকে নিরাপদ রাখা এবং এর মাধ্যমে বেশি পরিমাণ ইলিশ আহরণ করা। এ লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ বছর কাজ করব। এটা করার জন্য আমরা মনে করি, জেলেদের মাছধরার চাপ কমাতে হবে।

উপকূলীয় অঞ্চলে ৬৮ হাজার মাছ ধরার নৌকা আছে। চার থেকে পাঁচ বছরের মধ্যে এ সংখ্যা কমিয়ে আনতে হবে। কতটুকু কমাতে পারব, সেটা এখনো বলতে পারছি না। তবে এ লক্ষ্যে কাজ করব।

দ্বিতীয় স্বপ্ন হলো, এখানকার জেলেদের এমন একটি পেশা দেওয়া, যার মাধ্যমে তাঁরা ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবেন। জেলে সম্প্রদায়কে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ সব সুযোগই দিতে হবে।

একটা ভালো জীবনব্যবস্থা জেলে ভাইদের দিতে চাই, যেন তাঁরা আর মাছ ধরার পেশায় ফিরে না যান।

বিশ্বব্যাংকের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার পাব বলে আশা করছি। এটা পেলে এই অর্থের একটা বড় অংশ জেলেদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করব। একটা গরু, ছাগল, ভ্যান কোনো সমাধান নয়। জেলেদের জন্য সত্যিকার অর্থে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করতে হবে।

ইলিশ উৎপাদনের জন্য পরিবেশবিজ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করতে চাই। এবার গণমাধ্যম ইলিশ সংরক্ষণে ব্যাপক সহযোগিতা করেছে। সবাই এভাবে এগিয়ে এলে ভবিষ্যতে ইলিশের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

আব্দুল কাইয়ুম
ইলিশ মাছের প্রজননক্ষেত্র রক্ষা করা অত্যন্ত জরুরি। শুধু আইনের প্রয়োগ নয়, এ ক্ষেত্রে প্রয়োজন জনসচেতনতা। জেলেদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা জরুরি।

জাটকা সংরক্ষণে এ বছরের মতো উদ্যোগ ভবিষ্যতেও যেন অব্যাহত থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাববে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

ইলিশ উৎ​পাদন

ই​িলশের প্রধান চারটি প্রজননকেন্দ্র হলো ঢালচর, মৌলভীরচর, কালিরচর ও মনপুরা। এর আয়তন

প্রায় ৭ হাজার বর্গকিলোমিটার

২০১৫–১৬

৪,০০,০০০  

মেট্রিক​ টনের বেশি

২০০১–০২

২,২০,৫৯৩

মেট্রিক টন

২০১৪–১৫

৩,৯০,০০০

মেট্রিক টন

২০১৩–১৪

৩,৮৫,০০০

মেট্রিক টন

২০১৩–১৪ সালের উৎ​পাদন গড়ে প্রতি কেজি ৪৫০ টাকা হিসাবে এর বাজারমূল্য ১৭ হাজার কোটি টাকার বেশি

সূত্র: মৎ​স্য অধিদপ্তর

যাঁরা অংশ নিলেন

সৈয়দ আরিফ আজাদ        :    মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর

ইয়াহিয়া মাহমুদ               :    মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

নাথান সেইজ                   :    ডেপুটি ডিরেক্টর, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইউএসএআইডি

হোসেন জিল্লুর রহমান       :    পরিচালক, পাওয়ার অ্যান্ড পার্টি​সিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)

আতিক রহমান                 :    নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস)

মো. আনসার আলী মোল্লা   :    আড়তদার, অালিপুর মৎস্যবন্দর, কলাপাড়া, পটুয়াখালী

এম আই গোলদার            :    প্রকল্প পরিচালক, ইকোফিশ এবং পরিচালক, মৎ​স্য অধিদপ্তর

নিয়ামুল নাসের                :    অধ্যাপক, জুওলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শকুন্তলা থিলস্টেড             :    গ্লোবাল পুষ্টিবিদ, ওয়ার্ল্ডফিশ

মো. আব্দুল ওহাব             :    টিম লিডার, ইকোফিশ, ওয়ার্ল্ডফিশ, বাংলাদেশ

সঞ্চালক

আব্দুল কাইয়ুম           : সহযোগী সম্পাদক, প্রথম আলো