ইলিশ মৌসুমের শুরুতে জলদস্যুদের উৎপাত
ইলিশ ধরার মৌসুমের শুরুতে হাতিয়া-সন্দ্বীপ-আলেকজান্ডার চরের জলদস্যুরা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উৎপাত করছে। সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ভয়ে তটস্থ। তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী অহিদুল্যাহ জসিম বলেন, নিজের নৌকা ও জাল নিরাপদে রাখার জন্য কিছু ব্যবসায়ী ও জেলে জলদস্যুদের সঙ্গে সম্পর্ক রাখছেন। তাঁরা দস্যুদের চাঁদাও দেন, অন্যকেও চাঁদা দিতে সহায়তা করেন। আবার মৎস্য ব্যবসায়ীদের মুঠোফোন নম্বরও দস্যুদের কাছে পৌঁছে দেন।ভোলার সাতটি উপজেলার বিভিন্ন মাছঘাটের জেলে ও মৎস্য আড়তদাররা জানান, দীর্ঘ সাত মাসের (নভেম্বর-মে) জাটকা সংরক্ষণ অভিযান শেষে ইলিশ ধরা মৌসুম শুরু হয়েছে। কিন্তু জেলেরা এখন জলদস্যুদের ভয়ে মেঘনা নদীতে নামতে সাহস পাচ্ছেন না। এ বছর মৌসুম শুরু না হতেই তজুমদ্দিন ও মনপুরা উপজেলার ৩০টি নৌকা জলদস্যুর কবলে পড়েছে। দস্যুরা বিভিন্ন মাছঘাটের ব্যবসায়ীদের কাছেও চাঁদাবাজি করছে। মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদার বলেন, দস্যুরা গত এক সপ্তাহে জেলেদের ২৫টি নৌকা লুট করেছে। এ জলদস্যুরা স্বপন বাহিনী, নাঈম বাহিনী ও কালাম বাহিনীর সদস্য। তারা ঢালচরের গভীর জঙ্গলে আস্তানা গড়ে ডাকাতি করছে। কিন্তু পুলিশ কোস্টগার্ড তাদের কিছু বলছে না। মনপুরা ইউনিয়নের ইউপি সদস্য মো. ফারুক মিয়া বলেন, ‘৩১ মে তাঁর একটি নৌকা-জাল ডাকাতির পর ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে জানালে তারা নৌকা ছাড়ানোর পরিবর্তে জেলেদের হয়রানি করে। তাই তাদের জানাইনি।’ তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের সেলিম বাজারের আলম মাঝি জানান, এ মাসের প্রথমে স্বপন বাহিনী তাঁদের পাঁচটি নৌকা ডাকাতি করেছে। জলদস্যুরা তজুমদ্দিন, মনপুরা ও বোরহানউদ্দিনের মৎস্য আড়তদারদের কাছ থেকে চাঁদা তুলছে। এ চাঁদার পরিমাণ ৫০ হাজার এক লাখ টাকা। মনপুরা রামনেওয়াজ মাছঘাটের ব্যবসায়ী আলমগীর হোসেন ও লালমোহন বাত্তির খাল মাছঘাটের মো. ফারুক পিটার জানান, চাঁদা দিয়েও জেলেরা নিরাপদ নন। কারণ এক পক্ষকে চাঁদা দিলে অন্য পক্ষ আরও বেশি নির্মম হয়। মাছঘাটেই দস্যুদেচ রর (সোর্স) বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব চর বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় আছে। চরফ্যাশন ঢালচর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর কয়েক হাজার জেলে সাগরে মাছ ধরতে গেলে প্রতিনিয়ত পূর্বদিকের হাতিয়া-সন্দ্বীপ-আলেকজান্ডারের জলদস্যু বাহিনীর কবলে পড়ছে। দস্যুরা সাধারণত ঢালচরের পূর্ব এবং পশ্চিম পাশে নৌকায় ডাকাতি করে। তারা চর নিজাম-কালকিনি ও ভাসানচরের মধ্যবর্তী মেঘনায় ওত পেতে থাকে। দৌলতখান ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী সোহেল হোসেন, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের ফরহাদ মাঝিসহ একাধিক জেলে বলেন, সাগর মোহনা যেতে ঢালচরের পূর্ব-পশ্চিম ছাড়াও এবং তজুমদ্দিন-মনপুরা ও নোয়াখালীর মধ্যবর্তী মেঘনাতেও আলেকজান্ডার-নোয়াখালী এলাকার দস্যুরা ভোলায় নৌকা ডাকাতি করছে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এ জেড এম জালাল উদ্দিন বলেন, দস্যুতার শুরুর পরিকল্পনা হয় ঘাটে, শেষও হয় ঘাটে। জলে যাতে দস্যুতা না হয়, সেজন্য ঘাটের সহযোগিতা দরকার। ভোলার পুলিশ সুপার বসির আহমঞ্চদ বলেন, বিভিন্ন চরে জলদস্যুদের আস্তানার আশপাশে প্রায় নয়টি পুলিশ ঘাঁটি ও নৌযান দরকার।ভোলা জেলা প্রশাসক মো. খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘জলদস্যু ও প্রভাবশালী দখলদারদের উৎখাত করতে পুলিশের পাশে কোস্টগার্ডকেও এগিয়ে আসার জন্য বলা হয়েছে। যদি দস্যু প্রতিরোধ অভিযানে ম্যাজিস্ট্রেট দরকার হয়, তা-ও দেওয়া হবে।’