ইলিশ মৌসুমের শুরুতেই জলদস্যুরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ ধরার মৌসুম শুরু হওয়ার পর থেকেই বঙ্গোপসাগরে জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। গত শুক্রবার রাতে কুয়াকাটার কাছে ইলিশ ধরার সময় জলদস্যুরা আটটি ট্রলারে লুটপাট চালায় এবং মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ কারণে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রোববার কুয়াকাটা থেকে পটুয়াখালীতে ফিরে আসা জেলেরা এসব তথ্য জানান। তাঁরা আরও জানান, জলদস্যুরা প্রত্যেক জেলের জন্য মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা করে দাবি করেছে।যে আট জেলেকে অপহরণ করা হয়েছে, তাঁরা হলেন পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের আলমগীর ও কুদ্দুস, কলাপাড়া উপজেলার মৌডুবি এলাকার ইসমাইল ও ইলিয়াস, লালুয়া এলাকার জাহাঙ্গীর, রাঙ্গাবালী এলাকার শহীদুল ও ইসাহাক এবং ধানখালী এলাকার ভদ্দর।পটুয়াখালী কাঠপট্টি এলাকার মাছ ব্যবসায়ী আ. জব্বার জানান, শুক্রবার রাতে কুয়াকাটা থেকে অন্তত ১২০ কিলোমিটার গভীর সাগরে ইলিশ ধরার সময় তাঁর ট্রলারটিও জলদস্যুদের হামলার শিকার হয়। এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুরা জেলেদের মারধর করে ট্রলারে থাকা নগদ টাকা, জ্বালানি তেল, জাল, খাবার সবকিছু লুট করে। এ ছাড়া ওই রাতে তারা আরও সাতটি ট্রলারে লুটপাট চালায়। যাওয়ার সময় তারা আট জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণের টাকা দেওয়ার জন্য একটি মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে।মাছ ব্যবসায়ী আ. জব্বার আরও জানান, জলদস্যুদের ভয়ে তারা বিষয়টি এখনো কাউকে জানাননি। তবে মুঠোফোনে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফলের চর ওয়াডেল গ্রামের ওয়াহিদ বেপারী ও বশার মিয়ার দুটি ট্রলার গত ৮ মে সন্ধ্যায় সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এ সময় তারা অস্ত্রের মুখে আবুল হোসেন, সজল ও জামাল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। ১৭ মে তাঁরা জলদস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা শামীম আহমেদ জানান, জলদস্যুদের হাতে জেলে অপহরণের বিষয়টি তাঁরা এখনো জানতে পারেননি এবং কেউ অভিযোগ নিয়েও আসেনি। জলদস্যুদের অপতৎপরতা বন্ধে গভীর সাগরে টহল জোরদার করা হয়েছে।পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর ছিদ্দিক বলেন, এ বিষয়ে এখনো তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে তাঁরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।