ইলিশ রক্ষা কর্মসূচি ব্যর্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বাজারগুলো বড় ও মাঝারি ইলিশে ছেয়ে গেছে। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ইলিশই ডিমওয়ালা। ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দুই উপজেলার কয়েকটি বাজারে গিয়ে এ চিত্র পাওয়া গেছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে এত ব্যাপকহারে ডিমওয়ালা ইলিশ বাজারে আসায় এ অঞ্চলে সরকারের মা ইলিশ রক্ষার কর্মসূচি অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৫-১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন মেঘনা-পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ ছিল।
মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার, মুন্সীরহাট, নারায়ণপুর, মাছুয়াখাল বাজার এবং মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর, আমিরাবাদ, গজরা ও মোহনপুর বাজারসহ আরও কয়েকটি হাট-বাজারে গিয়ে দেখা গেছে, সেখানে বড় ও মাঝারি আকারের ডিমওয়ালা ইলিশের ছড়াছড়ি। এসব ইলিশ কেজিপ্রতি ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছবিক্রেতারা বরফে ঢেকে রাখছেন ইলিশ। মতলব দক্ষিণ উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ইয়ামিন প্রধান বলেন, ‘ডিমওয়ালা ইলিশ কিনতে বিবেকে বাধে। তবু দুই কেজি কিনলাম। আমি না কিনলেও অন্যরা কিনবেন। এত ডিমওয়ালা মাছ এ সময় বাজারে আসবে তা ভাবিনি।’মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছবিক্রেতা প্রাণকৃষ্ণের অভিমত, ‘যে ইলিশ বেচতেছি তার ৮০ ভাগই ডিমওয়ালা। জেলেগো কাছ থেইকা কিন্না ইলিশ বেচি। আমাগো দোষ কী? এইবার জেলেগো হাত থেইকা ডিম ইলিশ বাঁচতে পারে নাই।’
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যে হারে বাজারে মা ইলিশ আসছে তাতে সবাই অবাক। মনে হয়, মা ইলিশ রক্ষা কর্মসূচি অনেকটাই ব্যর্থ। ইলিশ রক্ষায় আরও গবেষণা দরকার। নিষেধাজ্ঞার সময়সূচি ১৫-২০ দিন বাড়ানো উচিত।’চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানের ভাষ্য, ‘এবার এ এলাকায় ৩০ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছে। বাকি ৭০ শতাংশই রক্ষা হয়নি। এ জন্য দায়ী অসাধু জেলেরা।’তিনি দাবি করেন, মা ইলিশ রক্ষার কর্মসূচি আংশিকভাবে সফল হয়েছে। এবার ১১ দিনের অভিযানে চার টন ইলিশ জব্দ করা হয়েছে। এর বাইরে জেলেরা কয়েক টন ইলিশ নিধন করেছেন, যার পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়।