ইলিশ রক্ষায় জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করতে হবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, ‘ইলিশ আমাদের জাতীয় গৌরব, একে রক্ষায় জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করতে হবে। দেশ থেকে কারেন্ট জাল উঠিয়ে দিতে হবে। এতে শুধু দেশের মানুষের চাহিদা পূরণই নয়, বিশ্ববাসীকেও ইলিশের স্বাদ ফিরিয়ে দিতে পারবে বাংলাদেশ।’
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ইলিশ রক্ষায় নেওয়া জাতীয় প্রকল্প এনহান্স কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের (ইকোফিশ) উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় পাঁচ বছর ধরে এই প্রকল্প চলবে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশের ৪০০ কিলোমিটার নদীপথে ইলিশ বিচরণ করে। এদের এই বিচরণের এলাকায় চার ধরনের কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার করা হচ্ছে। সরকার এই জাটকা শিকারের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর হবে।
অনুষ্ঠানে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্যবিষয়ক বিভিন্ন সংস্থা এবং আটটি দেশি-বিদেশি সংস্থা ইকোফিশ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় ইলিশ মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক গবেষণা, মাছের আবাস ও প্রজননের স্থান রক্ষা করা, জাটকা ও মা মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, ইলিশ মাছ ধরা বাংলাদেশের ২০ লাখ মানুষের পেশা। জাটকা ও মা মাছ ধরা বন্ধ করলে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সংখ্যা বাড়বে। এতে ওই ২০ লাখ উপকূলবাসীর আয় বাড়বে।