ইলিশ রক্ষায় জাটকা নিধন বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাটকা আর ধরব না, দেশের ক্ষতি করব না’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১০ উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব সভায় বক্তারা জাটকা নিধন বন্ধে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা জেলেদের প্রতি ইলিশ রক্ষায় জাটকা নিধন বন্ধ করার আহ্বান জানান। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;ভোলা: দৌলতখান উপজেলা টাউন হল চত্বরে বেলা সাড়ে ১১টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়। এখানেই জেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস। তিনি বলেন ‘আমরা জেলেদের সব সমস্যা দূর করব, কিন্তু একটা জাটকাও আপনারা মারবেন না।’ এতে সভাপতিত্ব করেন ভোলা-২ আসনের সাংসদ তোফায়েল আহমেদ। সমাবেশ শেষে মেঘনা নদীতে জেলেদের সচেতন করতে নৌ-শোভাযাত্রা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের উদ্দেশে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ সফলভাবে পালন করা হলে প্রতি বছর সাড়ে চার লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন সম্ভব। এ জন্য জাটকাসহ অন্যান্য মাছের রেণু ধরা বন্ধ করতে হবে। চাঁদপুর: বেলা ১০টায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও জেলেরা নৌ-শোভাযাত্রা বের করেন। এর আগে সেখানে জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল কাইউম সরকার। জেলে নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বলেন, শুধু জেলেদের চাল দিয়ে জাটকা বন্ধ করা যাবে না। এ জন্য চালের সঙ্গে তেল, লবণ ও নগদ টাকাও দিতে হবে। তাহলে জাটকা ধরা বন্ধ হবে।ফরিদপুর: সকালে সদরের ধলার মোড় থেকে চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজার পর্যন্ত পদ্মানদীতে নৌ-শোভাযাত্রা হয়। শেষে হাজিগঞ্জ বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভুঁইয়া। এতে জেলা মৎস্য কর্মকর্তা একান্দার আলী, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম প্রমুখ বক্তৃতা করেন।গলাচিপা (পটুয়াখালী): বেলা ১১টায় গলাচিপা ফেরিঘাট থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌ-শোভাযাত্রা বের করা হয়। এর আগে সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে বক্তারা বলেন, পটুয়াখালীর তেঁতুলিয়া নদী থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটারের মধ্যে মার্চ-এপ্রিল এ দুই মাস কোনো ধরনের ইলিশ শিকার করা যাবে না। এ ছাড়া আগামী ৩১ মে পর্যন্ত দেশের কোনো নদ-নদীতেই জাটকা শিকার করা যাবে না। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এ ব্যাপারে জেলেদের সচেতন হতে হবে।