ইলিশ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশসহ অন্যান্য মাছ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মৎস্য আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন।সংগঠন দুটির অভিযোগ, রপ্তানি বন্ধ থাকায় সাগর থেকেই মাছ পাচার হয়ে যাচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, জেলেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন।বরিশাল নগরের ইলিশ ভবনে গতকাল বৃহস্পতিবার ‘ফিস প্রসেসিং প্ল্যান্ট মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সমেঞ্চলনে সংগঠন দুটির নেতারা এসব কথা জানান।সংবাদ সমেঞ্চলনে মৎস্য আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার রায় লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, সরকার ২৯ জুলাই থেকে চিংড়ি ও কাঁকড়া ছাড়া ইলিশসহ সব মাছ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর একটি অসাধু চক্র ইলিশসহ অন্যান্য মাছ পাচার করছে। কখনো সাগর থেকেই, কখনো সড়ক পথে মাছ পাচার হচ্ছে। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে, জেলেরা ন্যায্যমূল্য পাচ্ছে না এবং হাজার হাজার ব্যবসায়ী বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশের পাঁচ থেকে ছয়টি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গোপনে হিমাগারে মাছ প্রক্রিয়াজাত করে। ফলে বাজারে মাছের দাম কমেনি এবং মাছের সরবরাহও তেমন বাড়েনি। তাই তিনি অবিলম্বে মাছ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।