ইলিশ শিকারের দায়ে ৬৯ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে চাঁদপুর, শরীয়তপুর, কুষ্টিয়া, লক্ষ্মীপুরের রামগতি ও পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করা হয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব অভিযান চালানো হয়।
৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন সাগর ও নদ-নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা-ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ কেজি মা ইলিশ ও ২৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ১৬ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হাইমচরে ১৯ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মতলব উত্তরে একজনকে দুই বছর ও আরেকজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
শরীয়তপুর: শরীয়তপুরে ১৮ জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে এক লাখ ৪৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম প্রবীর কুমার রায় ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা বেগম বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে সাজা দেন। জেলা মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল আজম বলেন, দণ্ডাদেশ পাওয়া জেলেদের পুলিশের সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া: বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীর কুমারখালীর শিলাইদহ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কাঠি জাল জব্দ করে ধ্বংস করে কুমারখালী উপজেলা প্রশাসন। গতকাল ভোরে মিরপুরের ইউএনও আজাদ জাহান পদ্মা নদীর তালবাড়িয়া ঘাটে অভিযান চালান। সেখানে ১০ হাজার মিটার জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পিরোজপুর উপজেলার নির্বাহী হাকিম শেখ রাশেদ উজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কচা নদীতে অভিযান চালান। এ সময় ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়। এরপর প্রত্যককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ সময় দুই হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
রামগতি (লক্ষ্মীপুর): বৃহস্পতিবার বিকেলে রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার ছয় জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ উদ্দিন জানান, গতকাল দুপুরে দণ্ডপ্রাপ্ত জেলেদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীতে জেলেরা ইলিশ ধরছেন। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পদ্মা ও যমুনা নদীতে অবস্থান করে এর সত্যতা পাওয়া যায়। পরে খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলা মৎস্য কার্যালয় পদ্মায় অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় বলেন, ২৪ ঘণ্টা অভিযান চালানো সম্ভব হয় না। একটু বিরতি দিলেই জেলেরা ইলিশ শিকারে নেমে পড়েন।