ইলিশ শিকারের দায়ে ৬৯ জেলের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে দক্ষিণাঞ্চলের তিন জেলার ৬৯ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালত ওই দণ্ডাদেশ দেন।
ইলিশের প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করা নিষিদ্ধ করেছে সরকার। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: নড়িয়া ও ভেদরগঞ্জের ৬২ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সোহাগ হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নড়িয়া উপজেলার সুরেশ্বর ও চর আত্রা এলাকায় অভিযান চালান। এ সময় ১১ জেলেকে আটক করা হয়।
আর নির্বাহী হাকিম ফিরোজ মাহামুদের নেতৃত্বে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, কাঁচিকাটা, চর বাঘা ও চর সেনসাশে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার জাল ও ২০০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
পরে আদালত ৪৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং ১৩ জন জেলেকে ৫৯ হাজার টাকা অর্থদণ্ড দেন। জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরে ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
ফরিদপুর: সদরপুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাহী হাকিম ও সদরপুর সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে পদ্মা-আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ইলিশ মাছ ধরার দায়ে তিন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনে তাঁদের চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দেড় হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মনদীপ ঘড়াই ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মাইঝা মিয়ার ডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা যায়নি। পরে জব্দ করা ইলিশ মাছ ফরিদপুরের বৃদ্ধনিবাস ও শিশুসদনে বিতরণ করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর কৌড়িখারা গ্রামের চান মিয়া ও মো. মিরাজ, বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামের রিপন ও শাহ আলমকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত চান মিয়া ও মিরাজকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং রিপন ও শাহ আলমকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। ইউএনও আবুল কালাম তালুকদার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।