ইলিশ সংরক্ষণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা জাইল্যা (জেলে)। নদীতে মাছ ধইরা যা কামাই অয়, হেইয়া দিয়া বউ-পোলাপাইগো জীবন চলে। সামনে ২২ দিন মাছ ধরতে না পারলে আমাগো কী অবস্থা অইবে? আমরাও চাই মা-ইলিশে ডিম ছারুক। হেইলে তো আমাগোই ভালো। তয় আমাগো একটা ব্যবস্থা করেন।’ কথাগুলো বলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদী গ্রামের জেলে আবু তাহের (৩০)। মাছ ধরা তাঁর পেশা হলেও সরকারের সুবিধাভোগীর তালিকায় তাঁর নাম নেই। ফলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধকালীন তিনি সরকারি সহায়তা পাবেন না।

আবু তাহেরের মতো এই উপজেলার অর্ধেকের বেশি জেলে সরকারি সহায়তা পাবেন না। এর ফলে ইলিশের নির্বিঘ্ন প্রজনন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় জেলের সংখ্যা ৬ হাজারের বেশি। তাঁদের মধ্যে ৪ হাজার ৪৪৭ জনের জেলে হিসেবে পরিচয়পত্র হয়েছে। বাকিদের পরিচয়পত্র প্রক্রিয়াধীন। এর মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ২ হাজার ৯৪৯। তাঁরা মার্চ থেকে জুন পর্যন্ত—এই চার মাস ভিজিএফের ৪০ কেজি করে চাল পান।

নাম প্রকাশে অনিচ্ছুক সুবিধাভোগীদের তালিকায় নাম না থাকা নিমদী গ্রামের আরেক জেলে বলেন, ‘সরকারিভাবে সাহায্য না পাওয়ায় খরা মৌসুমে আড়তদারের কাছ থেকে দাদন নিয়ে চলতে হয়। এ বছর ২৫ হাজার টাকা দাদন নিয়েছি। টাকা পরিশোধের জন্য বাধ্য হয়েই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে নামতে হয়।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, উপজেলার সুবিধাভোগী জেলেরা প্রতিবছর মার্চ থেকে জুন পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল পান। চলতি মাসে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা সরকারি সহায়তা পাবেন।