ইলিশবোঝাই ট্রলার আটক, ট্রলারমালিকের দণ্ড
ইলিশ প্রজনন মৌসুমে (৬-১৬ অক্টোবর) ইলিশ ধরায় বরগুনার আমতলী উপজেলায় গত রোববার গভীর রাতে পায়রা নদীতে অভিযান চালিয়ে ট্রলারভর্তি প্রায় ৯০ মণ ইলিশ আটক করা হয়েছে। আটক ট্রলারের মালিককে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মৎস্য বিভাগ ও কলাপাড়া কোস্টগার্ডের একটি দল রোববার রাত ১০টার দিকে বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনার তেঁতুলবাড়িয়া এলাকায় এফবি ভাই ভাই নামের মাছ ধরা একটি ট্রলারকে থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযানকারীরা তাদের ধাওয়া করে। প্রায় ৩০ কিলোমিটার ধাওয়ার পর কোস্টগার্ড গুলি ছুড়লে রাত ১২টার দিকে পায়রা নদীর আয়লা এলাকায় ট্রলারটি ফেলে রেখে মাঝি ও জেলেরা পালিয়ে যায়।কোস্টগার্ড কলাপাড়া কন্টিনজেন্ট কমান্ডার নজরুল ইসলাম জানান, জেলেদের ট্রলার থামাতে বাধ্য করতে তাঁরা চারটি ফাঁকা গুলি ছোড়েন। কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সূত্র জানায়, ট্রলারে পাঁচ হাজার ৪০০টি ইলিশ পাওয়া গেছে, যার ওজন প্রায় ৯০ মণ।গতকাল সকালে উপজেলা মৎস্য বিভাগ আটক মাছ আমতলী ফেরিঘাটে নিলামে ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ১৬ অক্টোবরের আগে নিলামকৃত মাছ বাজারে বিক্রি না করার শর্তে ইলিশগুলো নিলামে বিক্রি করা হয়েছে।এদিকে, আটক ট্রলারের মালিক বড়বগী ইউনিয়নের আবদুস ছাত্তার ফরাজী আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমানের দপ্তরে হাজির হয়ে নিষিদ্ধঘোষিত সময়ে ইলিশ পরিবহনের দায় স্বীকার করলে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।বাগেরহাটে জাল ও ইলিশ জব্দ, জরিমানাবাগেরহাট প্রতিনিধি জানান, সোমবার সকালে শরণখোলা উপজেলার রায়েন্দাবাজারের ধলু হাওলাদারের বাড়িতে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ধলুর স্ত্রী পারুল বেগমকে ৫০ কেজি জাটকা ও ইলিশসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পারুল বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন।শরণখোলা উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড শনিবার বলেশ্বর নদে দিনভর অভিযান চালিয়ে ছয় হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল আটক করেছে। রোববার বিকেলে কোস্টগার্ড শরণখোলা কন্টিনজেন্ট চত্বরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে রোববার রাতে ট্রাক ও জাটকাসহ দুই মাছ ব্যবসায়ীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য ব্যবসায়ী আনসার আলী ও মারুফ সরদারকে পাঁচ হাজার টাকা করে ও ট্রাকচালক মশিউর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।মোরেলগঞ্জ বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে দুই মণ ইলিশ জব্দ করেন। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া বলেশ্বর নদের সন্ন্যাসীখাল থেকে জাটকা ধরার ২০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়।