ইলিশভর্তি ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা
দীর্ঘদিন ইলিশের আকালের পর এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার মহীপুর-আলীপুর মত্স্যবন্দরে প্রচুর ইলিশ নিয়ে ফিরছে ট্রলারগুলো। তবে বরফের অভাবে মাছ সংরক্ষণ করতে না পারায় জেলেরা আশানুরূপ দাম পাচ্ছেন না। অন্য দিকে সুন্দরবনসংলগ্ন সাগরে জলদস্যুদের উত্পাত বাড়ায় আতঙ্কের মধ্যে গভীর সাগরে মাছ ধরতে যেতে হচ্ছে জেলেদের।জেলে ও মত্স্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইলিশের আকাল থাকায় মহীপুর-আলীপুর মত্স্যবন্দর ঝিমিয়ে ছিল। কিন্তু গত শনিবার দুপুরে মহীপুর-আলীপুর মত্স্যবন্দরে গিয়ে দেখা গেছে, মাছের আড়তদার ও জেলেরা ব্যস্ত। বন্দর ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। প্রচুর ইলিশ নিয়ে ট্রলারগুলো ভিড়ছে বন্দরসংলগ্ন ঘাটে। শ্রমিকেরা ঝুড়ি বোঝাই করে ট্রলার থেকে ইলিশ নিয়ে ফেলছেন মহাজনের আড়তে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারেরা আড়ত থেকে ইলিশ কিনে ট্রাকে বোঝাই করছেন।মহীপুরের এফবি ভাই ভাই ট্রলারের বাবুল মাঝি জানান, ৬০ হাজার টাকা খরচ করে সাগরে পাঁচ দিন মাছ ধরে শনিবার ৪০ মণ ইলিশ নিয়ে মহীপুর আড়তে এসে তিন লাখ টাকায় বিক্রি করেছেন। বাকেরগঞ্জের মাঝি সুভাষ পাথর জানান, সাগরে মাছ ধরতে গিয়ে তাঁর সব মিলিয়ে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। মাছ পেয়েছেন ২৮ মণ। শনিবার মহীপুরে এসে তা আড়াই লাখ টাকায় বিক্রি করেছেন। জেলেরা জানান, ভাদ্রের পূর্ণিমার পর গভীর সাগরের কিছু স্থানে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আরও এক সপ্তাহ প্রচুর ইলিশ ধরা পড়বে। তবে আড়তে ইলিশের দাম পড়ে গেছে। পাশাপাশি বেড়ে গেছে বরফের দাম। আগে যে পরিমাণ বরফ ১০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৩০০ টাকায়। তা-ও অনেক সময় পাওয়া যাচ্ছে না। বরফজাত করতে না পেরে অনেক জেলেরা মহাজনদের কাছে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।মহীপুর মত্স্যবন্দরের গাজী আইস প্লান্টের মালিক গাজী মো. মজনু জানান, জেলেরা চাহিদামতো বরফ পাচ্ছেন না।মহীপুর-আলীপুর মত্স্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, এক সপ্তাহ আগেও এখানকার আড়তগুলোতে দিনে মোট ১৫০ থেকে ২০০ মণ ইলিশ আসত। শনিবার এসেছে প্রায় ৮০০ মণ।