ইলিশা ঘাটে পচছে কয়েক কোটি টাকার তরমুজ

ফেরি-সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে সাত দিন ধরে আটকা রয়েছে তরমুজবোঝাই ১৫০টি গাড়ি। গরমে কয়েক কোটি টাকা মূল্যের তরমুজ পচতে শুরু করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাঠাতে না পারায় ব্যাপারীরাও কৃষকদের কাছ থেকে তরমুজ কিনছেন না। এ কারণে বিপাকে পড়েছেন তরমুজচাষিরা।
ইলিশা ফেরিঘাটে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, ১৫০টি তরমুজবাহী ট্রাকসহ ১৬০টি ট্রাক ঘাটে আটকে রয়েছে। গরমে তরমুজ ফেটে পচে গেছে। তরমুজের রস গাড়ির নিচ দিয়ে ঝরে পড়ছে।
ভোলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, পাইকারেরা না কেনায় কৃষকেরা তরমুজ কেটে খেতেই স্তূপ করে রেখেছেন। চরফ্যাশন উপজেলার আবদুল্যাপুরের ৫ নম্বর ওয়ার্ডের তরমুজচাষি আজিজুল ইসলাম বলেন, ‘এইবার তরমুজ আল্লায় মন পুরাইয়্যা দিছে, দামও খারাপ না, ফেরির লাইগ্যা ব্যাপারীরা তরমুজ কিনতে ভয় পাইতাছে।’
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, এবার ভোলায় প্রায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে প্রায় ৫০ মেট্রিক টন, যা বাম্পার ফলনের কাছাকাছি।
শান্তি রঞ্জন বলেন, ভোলার তরমুজ সারা দেশে জনপ্রিয়। এখান থেকে ফেরি, লঞ্চ ও ট্রলারে করে বিপুল পরিমাণে তরমুজ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে প্রতিবছরই ফেরি-সংকটের কারণে যথাসময়ে তরমুজ সরবরাহ করা সম্ভব হয় না। এতে কৃষকেরা ভালো দাম থেকে বঞ্চিত হন।
কুমিল্লা সদর থেকে আসা ব্যাপারী আবুল কাশেম বলেন, তিনি চরফ্যাশনের হাজিরহাট থেকে দুই লাখ টাকার তরমুজ কিনেছেন। এগুলো কুমিল্লা সদরে যাবে। এ জন্য তিনি ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। গত রোববার থেকে ইলিশা ফেরিঘাটে ট্রাকটি আটকা রয়েছে। তরমুজে পচন ধরেছে।
ভৈরবের ব্যাপারী জামালউদ্দিন, ঢাকার শেখ ফরিদ আহমেদ, মুন্সিগঞ্জের ফজলুর রহমান, চরফ্যাশনের মো. রিপন, কুমিল্লা মো. মফিজ, চট্টগ্রাম ফিরিঙ্গিবাজারের মো. ফিরোজ, সাতকানিয়ার মো. শাহজাহান বলেন, ঘাটে আটকা পড়া প্রতিটি ট্রাকে দু-তিন লাখ টাকার তরমুজ রয়েছে। সেই হিসাবে আটকা পড়া মোট ১৫০টি ট্রাকে প্রায় আড়াই কোটি টাকার তরমুজ রয়েছে।
তরমুজবাহী একটি ট্রাকের চালক চানমিয়া বলেন, ফেরি-সংকটের পাশাপাশি ফেরির চালকদের (মাস্টার) অলসতার কারণে দ্রুত যান পারাপার করা সম্ভব হচ্ছে না। গত বুধবার রাত দুইটার সময় যে ফেরিটি ছেড়ে গেছে, সেটি বৃহস্পতিবার দুপুরেও ফিরে আসেনি।
চালকেরা জানান, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি দরকার কমপক্ষে চারটি। সেখানে একটি বা সর্বোচ্চ দুটি ফেরি চলাচল করছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২১টি জেলার বিপুলসংখ্যক লোকজন এবং যানবাহন ভোলা-লক্ষ্মীপুর নৌপথ দিয়ে চলাচল করেন। ফেরি-সংকটের কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর ফেরিঘাটে শতাধিক যানবাহন সাত দিন ধরে আটকে থাকছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) যথাযথভাবে নজর না দেওয়ায় এই নৌপথটি অবহেলিত থেকে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক আবু আলম বলেন, এ ঘাটটি শুরু থেকেই লাভজনক হলেও ফেরির সংকট রয়েছে। এখানে কমপক্ষে চারটি ফেরি দরকার। এ ছাড়া ডুবোচরের কারণে ভাটার সময় ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হচ্ছে না।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, ‘ফেরি তৈরি হয়ে গেছে। মন্ত্রী যেদিন যাবেন, সেদিন আমরা ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নতুন ফেরি সংযোগ করব। অন্যান্য সমস্যাও দূর করা হবে।’