ইলিশের আকাশছোঁয়া দাম

‘দুইডা মাছ ২০ হাজার ট্যাকা! বিক্রি ঠিকই হইব। দেশে ট্যাকাওয়ালা মানুষের অভাব নাই।’
গতকাল শুক্রবার দুপুরে হাতিরপুল বাজারে ১০০ ওয়াটের বাতির সামনে দুটি ইলিশ তুলে ধরেন বিক্রেতা মো. শরিফ। বড়সড় ইলিশ দুটির রুপালি ঝিলিক যেন বিদ্যুতের আলোকেও ম্লান করে দিল। সে ঝিলিকে আবার ঝলমল করছিল দামের ঠমক। একেকটি ইলিশ ১০ হাজার টাকা হাঁকা হচ্ছে। জোড়া নিলে ২০ হাজার টাকা! দাম শুনে আশপাশে ভিড়ছেন না ক্রেতারা। অনেকে আবার বিরক্ত হয়ে বলছেন, ‘মগের মুল্লুক নাকি?’
এতে অবশ্য হতাশ নন শরিফ। দাবি, একেকটি ইলিশের ওজন দুই কেজি। হাসি মুখে বলেন, ‘ভাই, সবই হুজুগ। কোরবানির ঈদ আইলে ৫০ হাজারের গরু এক লাখ ট্যাকায় কেনে। আমরা যে খুব লাভ করমু, তা কিন্তু না। একটা ইলিশে বড় জোর পামু ২ হাজার ট্যাকা। এখন বৈশাখ আইছে, দাম যা-ই হোক, পাবলিকে ইলিশ কিনবই।’
শরিফ জানান, বেশি দামের ইলিশ গত কয়েক দিনে বিক্রি হয়েছে। বড় আকারের এ ধরনের ইলিশ তিনি কিনেছেন মাওয়া থেকে। কিছু এসেছে চাঁদপুর থেকে। বৈশাখে সরষেবাটা দিয়ে ইলিশের স্বাদ নিতে ক্রেতারও মুখিয়ে আছেন। সাদা একটি ককশিটের কার্টন দেখিয়ে তিনি বলেন, ‘ইলিশে ডিম নাই। পেটিতে তেল আছে। আমার কাছে এই ইলিশ লওনের লইগ্যা অর্ডার দিছেন স্যারেরা। খুব বেশি হইলে এক দিন আগে ইলিশ ধরা হইছে।’
ইলিশের দাম শুধু রাজধানীতে নয়, পিরোজপুর, চাঁদপুরেও বেশ চড়া। দিন দশেক আগে থেকে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে এক হাজার টাকা।
নিষেধাজ্ঞার কারণে চাঁদপুরে ইলিশ ধরা বন্ধ রয়েছে। এখানকার মাছ ব্যবসায়ীরা কয়েক মাস ধরে ইলিশ মজুত করেছেন। সেসব ইলিশই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।