
জাটকা ও প্রজননের সময় মা ইলিশ মাছ ধরা বন্ধে সরকারের উদ্যোগ উৎপাদন বৃদ্ধিতে রেখেছে বড় ভূমিকা। জেলেরা কষ্ট করে হলেও নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা বন্ধ রেখেছেন। এর সঙ্গে যোগ হয়েছে অনুকূল আবহাওয়া। আর এতেই দেশে এবার ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশ উৎপাদনের এই বৃদ্ধির ধারাকে ধরে রাখতে হবে।
গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। প্রথম আলোর আয়োজনে মৎস্যসম্পদ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ-এর সহযোগিতায় আয়োজিত এই বৈঠকের শিরোনাম ছিল ‘ইলিশ বাড়ছে: ধরে রাখার উপায়’। বৈঠকে মৎস্যসম্পদ-বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং ইলিশ গবেষকেরা অংশ নেন।
বৈঠকে বক্তারা ইলিশের উৎপাদন বৃদ্ধির এই ধারা ধরে রাখতে ইলিশ উন্নয়ন-বিষয়ক একটি তহবিল এবং সংস্থা গড়ে তোলার পরামর্শ দেন। তাঁরা জাটকা ও মা ইলিশ ধরার সময়কাল নির্ধারণে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে ইলিশের বিচরণ এলাকা বা নদীগুলোতে দূষণ বন্ধ এবং খননের পরামর্শ দিয়ে ইলিশ রক্ষার আইন যাঁরা ভঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেন।
বৈঠকে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে বলেন, এভাবে সবার সমর্থন পেলে উৎপাদনের এই ধারা অব্যাহত রাখা সহজ হবে। তিনি বলেন, ‘এখন যে দেড় ও দুই কেজি ওজনের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে, তার বয়স যথাক্রমে দুই ও চার বছর। তার মানে চার বছর ধরে আমরা ইলিশ রক্ষায় যেসব উদ্যোগ নিয়েছি, তার ফলাফল হিসেবে জাটকাগুলো বড় হওয়ার সুযোগ পেয়ে বড় ইলিশ হচ্ছে।’
ইকো ফিশ প্রকল্পের দলনেতা অধ্যাপক আবদুল ওহাব বলেন, ‘বাংলাদেশের ইলিশের উৎপাদন এবার ৪ লাখ টন ছাড়াবে। কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে এই উৎপাদন ৫ লাখ ২৬ হাজার টনে নেওয়া সম্ভব।’ বর্তমানে আধা বিজ্ঞান ও আধা ধারণার ভিত্তিতে সরকার মা ইলিশ ধরা বন্ধের সময়কাল নির্ধারণ করছে। এটা বিজ্ঞান ও তথ্যভিত্তিক হওয়া উচিত বলে তিনি মত দেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হোসেন জিল্লুর রহমান বলেন, ইলিশ ধরার ওপর বিধিনিষেধের কারণে ৩৭ শতাংশ জেলে দাদন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, ‘আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধির বিষয়টি উদ্যাপন করছি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, যেসব জেলে ইলিশ ধরেন, তাঁদের ৭০ শতাংশের মাসিক আয় ১০ হাজার টাকার নিচে।’ জেলেদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার সুপারিশ করেন এই অর্থনীতিবিদ।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ‘বাংলাদেশে পোলট্রি ও সবজি উৎপাদনে বিপ্লব ঘটে গেছে। মাছ, বিশেষ করে ইলিশের ক্ষেত্রে আমরা এমন একটি বিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইলিশ উৎপাদনের ওপরে কতটুকু ফেলবে, তা নিয়ে গবেষণা হওয়া জরুরি।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ মা মাছ ও জাটকা ধরা বন্ধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীগুলোকে দূষণমুক্ত করার ওপর জোর দিয়ে বলেন, না হলে ইলিশের বিচরণ এলাকা কমে যাবে। এ বছর কেন ইলিশ অনেক বেশি ধরা পড়ল, তা নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণার ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি ঠিকমতো বুঝতে পারলে ইলিশ রক্ষার পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া সহজ হবে।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের উপপরিচালক নাথান সেইজ ইলিশ রক্ষার প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, এই মাছ বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ ছাড়া প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল। ফলে এই মাছের উৎপাদন বাড়লে তা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়ামুল নাসের বলেন, ইলিশ বিচরণের জন্য নির্ধারিত সাত হাজার বর্গকিলোমিটার জলাভূমি শুধু সরকারি সংস্থাগুলোর মাধ্যমে রক্ষা করা সম্ভব নয়। এ জন্য ইলিশের ওপর নির্ভরশীল এবং ইলিশ উৎপাদন এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।
ওয়ার্ল্ড ফিশের পুষ্টিবিদ শকুন্তলা থিলস্টেড বলেন, ‘আমরা শুধু ইলিশের স্বাদের ওপর গুরুত্ব দিই। কিন্তু ইলিশের পুষ্টিমানও অসাধারণ। এতে ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে, যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য উপকারী।’ তিনি বলেন, ‘দরিদ্র মানুষের খাবারের পাতে যাতে ইলিশ পৌঁছায়, সেই চেষ্টা আমাদের করতে হবে।’
ইকো ফিশ প্রকল্পের পরিচালক এম আই গোলদার বলেন, যত দিন প্রকল্প থাকে, তত দিন নানা ধরনের তৎপরতা দেখা যায়। কিন্তু প্রকল্প শেষে তা বন্ধ হয়ে যায়। ইলিশ নিয়ে যাতে এমনটা না হয়, সে জন্য ইলিশ-বিষয়ক একটি তহবিল ও স্থানীয় জনগোষ্ঠীভিত্তিক একটি ইলিশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অলিপুর মৎস্যবন্দরের আড়তদার আনসার উদ্দিন মোল্লা জেলেদের জন্য দেওয়া সরকারি সহায়তাকে অপ্রতুল হিসেবে উল্লেখ করে বলেন, যা দেওয়া হয়, তা-ও জেলেরা কতটুকু পান, সেই প্রশ্ন তো রয়েছেই। ইলিশ বিচরণের এলাকাগুলো খননের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে যখন ইলিশ ধরা বন্ধ থাকে, তখন প্রতিবেশী দেশের কোনো ট্রলার এসে মাছ ধরে নিয়ে যায় কি না, তা খেয়াল রাখতে হবে।’
গোলটেবিল বৈঠকটির সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘বাংলাদেশের ইলিশ যাতে বিশ্বদরবারে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।’ ইলিশের আকৃতি ও পরিমাণ বাড়ানোর এই ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে একযোগে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তর গোলটেবিল বৈঠকটিতে সহযোগিতা করে।