ইলিশের কেজি দেড় হাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেড় হাজার টাকা দিয়ে ইলিশ! এ তো সোনার চেয়ে মূল্যবান দেখছি।’ বরগুনা মাছবাজারে একজন ক্রেতা গত মঙ্গলবার সকালে ইলিশ মাছের দাম শুনে এভাবেই চমকে ওঠেন।বরগুনার বাজারে মঙ্গলবার ৩০০-৩৫০ টাকা কেজির ইলিশের দাম হাঁকা হয় দেড় হাজার টাকা। কারণ একদিন পরই পয়লা বৈশাখ। বাঙালির চিরায়ত ঐতিহ্যমণ্ডিত দিন। এ দিন পান্তা-ইলিশ দিয়ে সকালের খাবারটা যেন এখন রেওয়াজ হয়ে গেছে। তাই সব শ্রেণীর মানুষই চায় অন্তত বছরের প্রথম প্রভাতটা পান্তা-ইলিশ দিয়ে শুরু হোক। এই সুযোগে মাছ বিক্রেতারাও বেঁকে বসেছেন মূল্য নিয়ে।মঙ্গলবার সকালে বরগুনা শহরের মাছবাজারে বেশকিছু বড় সাইজের ইলিশ দেখে অনেক ক্রেতা ইলিশ মাছ কেনার জন্য বাজারে ছুটে গিয়েছিলেন। কিন্তু দাম শুনে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। আবুল কালাম নামে একজন ক্রেতা দাম কেমন জিজ্ঞেস করতেই দোকানির সহজ উত্তর ‘একদাম দেড় হাজার’। দাম শুনে আবুল কালামের চোখ দুটি যেন কপালে উঠল। অবশেষে তিনি ব্যর্থ হয়েই ফিরলেন বাজার থেকে। ফেরার সময় আক্ষেপ করে বললেন, ‘পয়লা বৈশাখ উপলক্ষে বউ-বাচ্চারা বায়না ধরেছিল পান্তা-ইলিশের, কিন্তু যে দাম হাঁকাচ্ছে তাতে আমার তো সাধ্যে কুলোচ্ছে না।’অথচ সপ্তাহ খানেক আগে বড় সাইজের ইলিশ ২৫০-৩০০ টাকা কেজিতে বিক্রি হতো। এখন একই আকারের ইলিশ প্রতিকেজি দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু দাম বাড়লে কী হবে সখের মূল্য যে লাখ টাকা। সাধ্য আছে এমন ক্রেতারা কিনেও নিচ্ছেন বেশি দামে।