ইলিশের গবেষণার জন্য জাহাজ কেনা হচ্ছে
ইলিশ মাছের অভিপ্রায়ণ, প্রজনন, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে গবেষণার জন্য একটি জাহাজ কেনা হচ্ছে। ইতিমধ্যে জাহাজ তৈরির কাজে অর্ধেক অগ্রগতি হয়েছে।জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার মৎস্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ তথ্য জানান।রাজধানীতে শোভাযাত্রার মাধ্যমে গতকাল শুরু হয়েছে এই সপ্তাহ। এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, ‘জাটকা ইলিশ রক্ষা পেলে, পুষ্টি অর্থ দুই-ই মেলে’। এ উপলক্ষে ১৪ এপ্রিল পর্যন্ত নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। সপ্তাহের মূল অনুষ্ঠান আগামীকাল বরগুনা জেলার তালতলী উপজেলায় অনুষ্ঠিত হবে। মৎস্যমন্ত্রী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদসচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ।