ইলিশের চার পদে মমতার আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে প্রবেশের পর আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
গণভবনে প্রবেশের পর আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের কতটা কদর, সেটা সবারই জানা। তাই পশ্চিমবঙ্গের অতিথিদের আপ্যায়নে ইলিশ থাকবে না, সেটা ভাবাই যায় না।
আজ শনিবার দুপুরে গণভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মধ্যাহ্নভোজে ইলিশই ছিল প্রধান আকর্ষণ।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মমতার জন্য ১২ পদের আয়োজন করা হয়। এর মধ্যে চার পদই ছিল ইলিশ। সরষে ইলিশ, ইলিশ ভাজা, ইলিশের ডিম আর ভাপা ইলিশের স্বাদ পেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন অতিথিরা।
খাবারের তালিকায় আরও ছিল চিতল মাছের কোপ্তা, চিংড়ির মালাইকারি, রূপচাঁদা ভাজা, রুই মাছের পেটি, খাসির রেজালা, চিকেন কারি, মিক্সড ভেজিটেবল কারি, মিক্সড ভেজিটেবল সালাদ। কুমিল্লার রসমালাই, মিষ্টি দইয়ের পাশাপাশি ফলও ছিল তালিকায়।
ঢাকার ভারতীয় হাইকমিশনের এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতার জন্য ১২ পদের খাবার আয়োজনের কথা তুলে ধরা হয়।
শেখ হাসিনা ও মমতার বৈঠকে পশ্চিমবঙ্গে ইলিশের দুষ্প্রাপ্যতার বিষয়টি অবহিত করে আরও বেশি করে ইলিশ রপ্তানির কথা তোলেন মমতা। আর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এপারে পানি প্রবাহিত হতে শুরু হলে ওপারে ইলিশ যাবে।