ইলিশের দেখা মিলেছে, এখন সংকট বরফের
অবশেষে দক্ষিণের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত কয়েক দিন বৃষ্টির পর বঙ্গোপসাগরের মোহনা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। আকস্মিক ইলিশের প্রাচুর্যে ভরে উঠছে জেলেদের নৌকাগুলো। মাছভর্তি শতাধিক ইঞ্জিনচালিত নৌকাকে (ট্রলার) গত শুক্রবার বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের বহির্নোঙরে মাছ খালাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।জালে বেশি ইলিশ ধরা পড়লেও বরফ-সংকটের কারণে মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। এতে জেলে ও ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করেছেন। বরফের অভাবে মাছ সংরক্ষণ করতে না পারায় মাছের গুণগত মানও ঠিক রাখা যাচ্ছে না। ফলে এসব মাছ ভালো দামে বিক্রি করতে পারছেন না জেলেরা। বরফ-সংকটের জন্য জেলে ও ব্যবসায়ীরা বিদ্যুৎ-বিভ্রাটকে দায়ী করেছেন।শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারের অকশন-শেডে তিলধারণের ঠাঁই নেই। কয়েকজন জেলে জানান, হঠাৎ করে মাছের আমদানি বেড়ে যাওয়ায় বিএফডিসি পাইকারি বাজার ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। কিন্তু অনেক জেলে ও ট্রলারের মালিক মাছ পচে যাওয়ার আশঙ্কায় খুলনা, বরিশাল, মহীপুর ও পাড়েরহাটের মোকামে মাছ বিক্রির জন্য ছুটছেন।অবতরণ কেন্দ্রের আড়তদারেরা জানান, মাছের আমদানি বেড়ে যাওয়ায় তীব্র বরফ-সংকট দেখা দিয়েছে। পচে যাওয়ার আশঙ্কায় জেলেরা পানির দরে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আড়তদার আলম মিয়া বলেন, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে স্থানীয় বরফকল থেকে চাহিদার চার ভাগের এক ভাগও বরফ পাওয়া যাচ্ছে না। বরফ না থাকায় মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ১০-১২ হাজার টাকা দামের মাছ ছয় থেকে সাত হাজার টাকায় নেমে এসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটায় ২৩টি বরফকল থাকলেও বিদ্যুৎসংকটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। ১০০ টাকা মূল্যের প্রতি ক্যান বরফ বর্তমানে ৫০০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। খুলনা ও বরিশাল থেকে ট্রাকভর্তি করে বরফ এনেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন জেলেরা।জেলে আকবর হোসেন বলেন, ‘এত দিন ইলিশ পাই নাই বইল্লা কষ্টে আছিলাম। এহন মাছ পাইছি। কিন্তু দাম পাই না। লাখ লাখ টাহা দাদন নিয়া এহন পানির দামে ইলিশ বিক্রি করি।’পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. সগির আলম বলেন, ‘গত মঙ্গলবার থেকে সাগরে মাছের প্রাচুর্য বাড়তে থাকে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে হঠাৎ করে এত মাছ আসায় আমরা হতচকিত।’ এতে অনেকটা আশান্বিত হলেও বিদ্যুৎ-বিভ্রাটের ফলে সৃষ্ট বরফসংকটে ভালো দাম পাওয়া যাচ্ছে না। বর্তমানে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার মাছ এই কেন্দ্রে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শামসুজ্জামান বলেন, ‘হঠাৎ করে মাছের আমদানি বেড়ে যাওয়ায় আমরা সার্বিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি। দিন-রাত সমান হয়ে গেছে আমাদের। তিনি আরও বলেন, বরফসংকটের কারণে মাছের দাম খুব কমে গেছে। এতে জেলে ও ব্যবসায়ীরা হতাশ।’