ইলিশের প্রজনন সময়সীমা ২২ দিন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের প্রজনন কাল বা মা ইলিশ সংরক্ষণের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করতে বলেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে সাংসদ ও অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। 

সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বর্তমানে মা ইলিশ সংরক্ষণের সময়সীমা ১৫ দিন। ইলিশের প্রজননের প্রধান দুটি মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর (ভাদ্র মাস থেকে মধ্য কার্তিক) ও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি (মধ্য পৌষ থেকে মধ্য ফাল্গুন)। তবে দ্বিতীয় মৌসুমের তুলনায় প্রথম মৌসুমে প্রজনন হার বেশি। চলতি অর্থবছরে প্রথম মৌসুমে প্রজনন হার ছিল ৩৬ দশমিক ৬০ শতাংশ। কমিটি প্রজনন সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদের কাছে একটি করে চিঠি দিতে মন্ত্রীকে সুপারিশ করেছে।

কমিটি সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার, খন্দকার আজিজুল হক, মুহাম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম অংশ নেন।