ইলিশের প্রজনন সময়সীমা ২২ দিন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ মাছের প্রজননকাল বা মা-ইলিশ সংরক্ষণের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে সাংসদ ও অন্যান্য জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করার জন্যও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
গতকাল রোববার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে বলে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বর্তমানে মা-ইলিশ সংরক্ষণের সময়সীমা ১৫ দিন। ইলিশের প্রজননের প্রধান দুটি মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর (ভাদ্র মাস থেকে মধ্য কার্তিক) ও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি (মধ্য পৌষ থেকে মধ্য ফাল্গুন)। তবে দ্বিতীয় মৌসুমের তুলনায় প্রথম মৌসুমে প্রজননহার বেশি। চলতি অর্থবছরে প্রথম মৌসুমে প্রজননহার ছিল ৩৬ দশমিক ৬০ শতাংশ। কমিটি প্রজনন সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদদের কাছে একটি করে চিঠি দিতে মন্ত্রীকে সুপারিশ করেছে।
এর আগে সংসদীয় কমিটি প্রজনন সময় এক মাস করার প্রস্তাব করেছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এক মাস ইলিশ ধরা বন্ধ রাখা হলে ইলিশ আহরণের পরিমাণ কমে যাবে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হবে।
এ ছাড়া কমিটি মন্ত্রণালয়কে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য আহরণ ও সামুদ্রিক ট্রলারের লাইসেন্স দেওয়ার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের পর্যবেক্ষণে রাখার সুপারিশ করেছে এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৎস্য উন্নয়ন প্রকল্পটি দ্রুত অনুমোদনের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে।
কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার, খন্দকার আজিজুল হক, মুহাম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম অংশ নেন।