‘৩০ কেজি কইরা চাউল পামু। কিন্তু সংসারে মানুষ পাঁচজন। এই চাউলে এক মাস কেমনে চলুম।’ বলছিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার জেলেপল্লির বাসিন্দা হারুন দুয়ারী। একই গ্রামের ইসহাক হাওলাদার বলেন, ‘আমার নাম পুনর্বাসনের তালিকায় নাই। জাটকা ধরা বন্ধ করতে হইলে সব জেলের তালিকা কইরা পুনর্বাসন করতে হইবে।’জাটকা (ইলিশের পোনা) সংরক্ষণের জন্য আজ বৃহস্পতিবার থেকে মেঘনা নদীসহ ইলিশের প্রজননস্থলে আগামী দুই মাস (১ মার্চ-৩০ এপ্রিল) সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনার কয়েক লাখ জেলের দিন কাটছে উৎকণ্ঠায়। লক্ষ্মীপুরের নাইয়াপাড়ার জেলে তোফায়েল জানান, ‘দুই মাস ক্যান্নে চইলাম তা মনে অইলে বুকডা ধপ করি উডে।’জেলেদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে প্রতি জেলে পরিবারকে প্রতি মাসে (ফেব্রুয়ারি থেকে মে) ৩০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। তবে এ সহায়তা শুধু পরিচয়পত্রধারী জেলেরাই পাবেন। মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিমি জলসীমানায় জাল ফেলা নিষিদ্ধ হওয়ায় ভোলার দেড় লাখ জেলে পরিবার বেকার হয়ে পড়ার আশঙ্কা করছে। কিন্তু সরকারের বরাদ্দ করা চালের সুবিধা পাবেন মাত্র ৪০ হাজার জেলে। এ চালও সঠিক সময়ে পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের। ভোলা মৎস্য অফিস সূত্র জানায়, ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চররুস্তম পর্যন্ত ১০০ কিমিসহ ১৯০ কিমি নদীর জলসীমানায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। ভোলার ৪০ হাজার ৩৭২টি অসহায় পরিবারকে চার মাসে (ফেব্রুয়ারি-মে) ১২০ কেজি করে চাল দেওয়া হবে। প্রতি জেলে পরিবারকে প্রতি মাসের ১ তারিখে ৩০ কেজি চাল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও জেলেরা এখনো ফেব্রুয়ারি মাসের চাল পাননি বলে অভিযোগ।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘গুদামে চাল এসেছে। কিন্তু চেয়ারম্যানরা তালিকা প্রণয়নে বিলম্ব করছেন। ফলে জেলেরা সঠিক সময়ে চাল পাচ্ছেন না।’এদিকে লক্ষ্মীপুরের প্রায় ৮০ ভাগ জেলে খাদ্য-সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ থেকে বঞ্চিত হয়েছেন। এতে অনেক জেলে জীবন বাঁচাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরেন। মৎস্য অফিস জানিয়েছে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মার্চ-এপ্রিল মাস ইলিশের অভয়াশ্রমের জন্য জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস জানায়, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চরআবাবিল ও উত্তর চরআবাবিল ইউনিয়নে ১০ হাজার ২৩৮টি জেলে পরিবার রয়েছে। নদীতে দুই মাস মাছ না ধরার কারণে জেলেদের জন্য সরকার ৩০ কেজি করে এক হাজার ৯৫৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করে। এ ছাড়া ২৭৮টি জেলে পরিবারকে পুনর্বাসনের জন্য ২১ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেয়। রায়পুর খাসেরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারি বলেন, জেলের তুলনায় সরকারি বরাদ্দ অপ্রতুল। এ কারণেই আট হাজারেরও বেশি জেলে পরিবার পুনর্বাসনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব জেলে জীবন বাঁচাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে যেতে পারেন।রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ কম থাকায় অনেক জেলেকে পুনর্বাসনের আওতায় আনা যায়নি।’ বরগুনা জেলায় সরকারি হিসাবে প্রায় ২৯ হাজার জেলে থাকলেও সেখানে পুনর্বাসন-সহায়তা হিসেবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন মাত্র সাড়ে নয় হাজার জেলে। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জেলেদের তুলনায় সহায়তার পরিমাণ খুবই সীমিত। তার পরও আমরা চেষ্টা করব এই সীমিত সহায়তা যাতে প্রকৃত জেলেরা পান।’পটুয়াখালী জেলার ৪১ হাজার জেলের মধ্যে সরকারি বরাদ্দ ও পুনর্বাসনের বাইরে রয়েছেন ১৯ হাজার ৪৯৬ জন জেলে। জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এ বছর জেলার এক হাজার ৭২০ জন জেলেকে বিভিন্ন উপকরণের (ক্ষুদ্র ব্যবসার জন্য চাল-ডাল, ঘরে বসে কাজ করার জন্য সেলাই মেশিন) মাধ্যমে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ২৯ লাখ টাকা। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জেলার সব জেলেকে পুনর্বাসনের আওতায় আনা সম্ভব হয়নি। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা, পটুয়াখালী অফিস, ভোলা ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।)