ইলিশের ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে জাটকা
ইলিশের ভরা মৌসুমে দক্ষিণ বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশ ধরা না পড়লেও তিন দিন ধরে ঝাঁকে ঝাঁকে জাটকা ধরা পড়ছে। জেলেরা ট্রলারের খোল বোঝাই করে এসব জাটকা নিয়ে ফিরে আসছেন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে জাটকা ধরা পড়ার বিষয়কে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন জেলেরা।পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আসা জেলে আবদুল জব্বার (৬৫) বিস্ময়ের সুরে বলেন, ‘এই সময় (ইলিশ মৌসুম) এই রহম জাটকা ইলিশ পড়ে, হেইয়্যা মোর জীবনে মুই দেহি নায়। বুঝি না, আরও কত কী আল্লায় মোগো দ্যাহায়!’তবে মৎস্য বিশেষজ্ঞরা বলেছেন, এতে বিস্ময়ের কিছু নেই। কারণ জলবায়ুগত পরিবর্তনের প্রভাবে ইলিশের প্রজনন মৌসুমে বড় একটা পরিবর্তন এসেছে। গত কয়েক বছর ধরে সে পরিবর্তনের ফলাফল হচ্ছে এই অস্বাভাবিকতা।গত শনিবার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, জেলেরা জাটকাবোঝাই ট্রলার নিয়ে ঘাটে ভিড়ছেন। অবতরণ কেন্দ্রের শ্রমিকেরা ট্রলারের খোল থেকে সেসব জাটকা ঝাঁপিতে করে তুলে এনে স্তূপাকারে রাখছেন অকশন সেডের মেঝেয়। পাইকারেরা দৌড়ঝাঁপ করছেন, দাম হাঁকাচ্ছেন। পাইকারদের হাত ঘুরে এসব জাটকা চলে যাচ্ছে স্থানীয় বাজারগুলোতে। ব্যবসায়ীরা জানান, মণপ্রতি জাটকা ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।পাথরঘাটার পাইকারি মৎস্য ব্যবসায়ীরা জানান, রমজানে বাজারে বড় ইলিশ না পেয়ে ক্রেতারা এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। তেমনি ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলে ও মাছ ব্যবসায়ীরাও ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কেজিতে সাত থেকে আটটি জাটকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকায়।আমিনুল হক নামের এক ক্রেতা বলেন, ‘ইলিশ নেই। তাই দাম একটু বেশি হলেও বাধ্য হয়ে জাটকা কিনেছি।’ পাথরঘাটার মাছ ব্যবসায়ী আবুল হাসেম বলেন, ‘ভাই, ইলিশ নেই। তাই রমজানের জন্য জাটকা বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা (!) নেই।’ পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আসা এফবি খাদিজা ট্রলারের মাঝি আবদুর রহমান জানান, আষাঢ়-শ্রাবণ হলো ইলিশের ভরা মৌসুম। এই সময়ে সাগরে জাটকা ধরা পড়ে, তা কোনোদিন দেখেননি তাঁরা।পটুয়াখালী মৎস্য বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘এটা বিস্ময়কর হলেও তা আমাদের মানতে হবে। কারণ প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ খুবই কম। জলবায়ুগত পরিবর্তনের কারণে তিন-চার বছর ধরে উপকূলীয় জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তারই ধারাবাহিকতা হলো এই অস্বাভাবিকতা। এই পরিবর্তনের ফলে ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুম আস্তে আস্তে সরে যাচ্ছে। যেমন গেল বছর শীত মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়েছে। কিন্তু বর্তমানে ইলিশের ভরা মৌসুমে ধরা পড়ছে ছোট ইলিশ। এই বৈপরীত্য থেকে আমরা অনুমান করছি, ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুম নিয়ে নতুন করে গবেষণা হওয়া দরকার। পাশাপাশি জাটকা নিধন বন্ধে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করা দরকার। এভাবে গণহারে জাটকা নিধন করা হলে মা ও বাবা মাছের সংকট দেখা দেবে। এতে ইলিশের ভান্ডারে চরম বিপর্যয় নেমে আসতে পারে।’