ইলিশের মরণফাঁদ ‘জিরো পয়েন্ট’
ভোলার জেলেরা মাছ শিকার করতে এবার ইলিশের মরণফাঁদ ‘জিরো পয়েন্ট’ নামের জাল নিয়ে মেঘনায় নেমেছেন। ভরা মৌসুমে ইলিশ না পেয়ে দিশেহারা জেলেরা এখন ছোট ফাঁকার এ জালে ঝাঁকে ঝাঁকে জাটকা শিকার করছেন। তবে জেলা মৎস্য বিভাগ এখনো এ জালের সন্ধান পায়নি ও এটি বৈধ কি না তা বলতে পারছে না।ভোলা চরফ্যাশন দুর্গম ঢালচরের মৎস্যজীবী মাহবুবুর রহমানের ভাষ্যমতে, এবার জলদস্যুর উৎপাত কিছুটা কম থাকলেও নদী ইলিশশূন্য। জেলে, দাদন দাতা, আড়তদার, পাইকার—সবাই পথে বসতে শুরু করেছেন। এখন বাজারে এসেছে ছোট ফাঁকার সুতার জাল, নাম জিরো পয়েন্ট। যেসব জেলে সারা দিন বড় ফাঁকার সুতার জাল পেতে এক-দুই হালি ইলিশ পেতেন না, তাঁরা এখন এ জালে চার-পাঁচ পণ (এক পণে ৮০টি) মাছ পাচ্ছেন। বাজারে এই মাছের দাম প্রায় ১২ হাজার থেকে ২০ হাজার টাকা। ছোট নৌকায়ও তাঁরা প্রায় চার-পাঁচ হাজার টাকার মাছ পাচ্ছেন। এসব ছোট জাটকার মধ্যে অনেক সময় বড় মাছও পাওয়া যাচ্ছে, যার হালি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।লালমোহন ধলীগৌরনগর বাত্তির খাল মাছঘাটের মাছের আড়তদার ফারুক পিটার বলেন, বাজারে এখন সবচেয়ে দামি জাল জিরো পয়েন্ট। প্রতি পাউন্ড জালের দাম সাড়ে পাঁচ শ টাকা। এটা সুতার জাল, তবে কারেন্ট জালের চেয়ে মাছ আটকায় বেশি। জালটি ক্ষণস্থায়ী। দু-তিন দিনের বেশি ব্যবহার করা যায় না, ছিঁড়ে যায়। এ জালের সুতা খুবই সূক্ষ্ম, পানিতে পাতলে মাছ দেখতে পায় না।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফ্যাশনের সাগর মোহনার ঢালচর থেকে উত্তর রাজাপুর মেঘনার বাইর সীতারাম মেঘনা পর্যন্ত কয়েক হাজার জেলে এখন পুরোপুরি এ জাল ব্যবহার করছেন। সদর উপজেলার রামদাসপুরের মৎস্য ব্যবসায়ী বেলাল সাজি বলেন, ‘মে মাস থেকে বড় সুতার জালে মাছ ধরতে ব্যর্থ হয়ে জেলেরা এখন ছোট ফাঁকার জালের প্রতি ঝুঁকে পড়েছেন। এখন প্রায় প্রতিটি জেলে বৈধ সুতার জালের পাশাপাশি ছোট ফাঁকার জাল পেতে ছোট ইলিশ ও জাটকা ধরছেন। ছোট ফাঁকার জালের দাম প্রতি পাউন্ড ৫৫০-৭০০ টাকা। অন্য দিকে বড় ফাঁকার সুতার জাল প্রতিকেজি ৩০০-৩৫০ টাকা। এ ছাড়া ছোট ফাঁকার অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল, পিটানো জাল, কোনাজাল, মশারি জাল, গুন্ডিজাল ও কৌটাজাল দিয়ে মাছ শিকার চলছেই। এসব জাল বেশ দামি। বর্তমানে নিম্নমানের আয়ের জেলেদের কারেন্ট ও জিরো পয়েন্টের জাল ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেও এ জালে ইলিশের জাটকা ছাড়া অন্য কোনো মাছ ধরা পড়ে না। কিন্তু প্রভাবশালী জেলেরা তিন থেকে পাঁচ লাখ টাকা খরচ করে যে অবৈধ জাল পাতছেন, তা মাছের রেণু পোনার বংশ ধ্বংস করছে।সদর উপজেলার মধ্য শিবপুরের জেলে রফিকুল ইসলাম মাঝি বলেন, ‘আমরা প্যাডের টানে (ক্ষুধায়) নদীত জাল পাতি, যে জালে মাছ বেশি আটকায়, হেই জালডাই কিনি, কিন্তু বেচোইন্যারা (বিক্রেতা) ব্যচে কিয়ারে? সরকার হেডি আটকাইতো পারে না? নাকি সরকার হুতা গরিবের লাইগ্যা।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘বাজারে অসাধু ব্যবসায়ীরা নিত্যনতুন অবৈধ জাল ছাড়ছেন, জেলেরা তা-ই কিনে জাটকাসহ মাছের রেণু পোনা ধ্বংস করছেন। আমরা অনেক জালের নামও জানি না। ওই জাল বৈধ না অবৈধ সেটা নিরূপণ করতেও সময় চলে যাচ্ছে। তবে বর্তমানে যে ইলিশ ধরা পড়ছে তার সবই নয় ইঞ্চির চেয়ে বড়।’