ইলিশের মৌসুমে সাগরে বেপরোয়া দুটি দস্যু বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের মৌসুমে বঙ্গোপসাগরে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। এতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রায় আড়াই লাখ জেলে ও ব্যবসায়ী।
চলতি বছরের ১ জানুয়ারি সাগরে জলদস্যুদের হাতে বরগুনার পাথরঘাটা উপজেলার ১১ জেলে নিহত হওয়ার পর বর্তমানে মাছ ধরার ট্রলার ছিনতাই, লুটপাট ও মাঝিমাল্লা অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, গত দেড় মাসে (আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর) অন্তত ৩৫০টি মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে প্রায় ২০ কোটি টাকার জাল, মাছ লুট এবং ৫৬০ জন জেলেকে অপহরণ করেছে সুন্দরবনকেন্দ্রিক সশস্ত্র দুটি দস্যু বাহিনী। এর মধ্যে এখনো ১২৫ থেকে ১৫০ জন জেলে সুন্দরবনে দস্যুদের আস্তানায় আটক আছেন। জনপ্রতি দুই লাখ টাকা করে পণের টাকা জোগাড় করতে না পারায় অপহূত ব্যক্তিদের মুক্ত করে আনতে পারছে না তাঁদের পরিবার।
বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর কয়েকজন জেলে এবং ব্যবসায়ী জানান, দক্ষিণ বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় বর্তমানে জাহাঙ্গীর ও শীর্ষ নামে দুটি সশস্ত্র দস্যু বাহিনী ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ইলিশের মৌসুমের শুরুতে টোকেন দিয়ে এই দুটি বাহিনীর সদস্যরা ট্রলারপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে চাঁদা আদায় করলেও বর্তমানে এই দুই বাহিনীর সদস্যরা বেপরোয়াভাবে লুটপাট ও অপহরণ চালানোয় জিমিঞ্চ হয়ে পড়েছেন জেলেরা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত দিন সুন্দরবনের দুবলার চর এলাকায় র‌্যাবের ক্যাম্প থাকায় এসব দস্যুর তৎপরতা সীমিত ছিল। মাস খানেক আগে ক্যাম্পটি প্রত্যাহার করা হলে সশস্ত্র দস্যু বাহিনীগুলো বেপরোয়া হয়ে ওঠে।
কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের অপারেশনাল কমান্ডার লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার বলেন, ‘সুন্দরবনকেন্দ্রিক দস্যু বাহিনীগুলোর অপতৎপরতা দমনে এবং অপহূত জেলেদের মুক্ত করতে ১৮ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী-কোস্টগার্ডের যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। আশা করি, এখন থেকে জেলেরা নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে পারবেন।’