ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি হস্তান্তর

ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পর এবার তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মৎস্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রযুক্তি হস্তান্তর করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ভারগো ফিশ অ্যান্ড অ্যাগ্রো প্রসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছে ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম কাঁটাযুক্ত মাছ খেতে চায় না। কিন্তু বেড়ে ওঠার জন্য মাছ তো দরকার। সেই চিন্তা থেকেই কাঁটা ছাড়া মাছ খাওয়ার বিষয়টি এসেছে। সেখান থেকে বিজ্ঞানীরা কাঁটা ছাড়িয়ে ইলিশের স্যুপ ও নুডলস তৈরি করেছেন।’ মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ যৌথভাবে ইকো ফিশ প্রকল্পের আওতায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এ প্রযুক্তিটি উদ্ভাবন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক এ কে এম নওশাদ আলম এ প্রযুক্তিটি উদ্ভাবন করেন।
এই প্রযুক্তিতে ইলিশ দিয়ে তৈরি স্যুপ ও নুডলসের মানসম্পন্ন হবে উল্লেখ করে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভারগো ফিশ অ্যান্ড অ্যাগ্রো প্রসেস লিমিটেড সরকারের নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ মেনে পণ্য বাজারজাত করবে। তবে কবে থেকে এই পণ্য বাজারে পাওয়া যাবে, তা উল্লেখ করেননি মন্ত্রী।
প্রধান গবেষক এ কে এম নওশাদ আলম বলেন, উদ্ভাবিত এই প্রযুক্তিতে পুষ্টিগুণের পাশাপাশি ইলিশের স্বাদ ও গন্ধ একই থাকবে এবং খেতে সুস্বাদু হবে।