ইলিশের হাঁক-ডাক বলছে বৈশাখ আসছে
‘ইলিশ লাগব? এ-ই বড় ইলিশ। বড় ইলিশ আছে।’ রাজধানীর অলিগলিতে এখন ঝাঁকাভর্তি ইলিশ নিয়ে ফেরিওয়ালার এই হাঁক-ডাক বেশ কানে আসছে। কয়েক দিন ধরে ঝাঁকাভর্তি ইলিশ নিয়ে ফেরিওয়ালাদের এই হাঁক-ডাক জানান দিচ্ছে, পয়লা বৈশাখ সমাগত।গতকাল বাসায় আসা ফেরিওয়ালার কাছ থেকে দুটি ইলিশ কিনেছেন আজিমপুরের বাসিন্দা ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া এখন একটা প্রথা হয়ে গেছে। এ জন্যই ৯০০ টাকায় দুটি ইলিশ কিনলাম।’ইলিশের ফেরিওয়ালারা জানান, পাইকারি বাজার থেকে ২৫ থেকে ৩০টি ইলিশ কিনে নিয়ে ঝাঁকায় করে গলি গলি গিয়ে বিক্রি করছেন। সামনে পয়লা বৈশাখ, তাই প্রায় সব বাসার সামনে গেলেই এক বা একাধিক ইলিশ বিক্রি হচ্ছেই। ইলিশের ফেরিওয়ালা মকবুল গতকাল জানান, সকাল নয়টায় ৪০টি ইলিশ নিয়ে বেরিয়েছিলেন তিনি। দুপুর সাড়ে ১২টায় শেষ।ফেরিওয়ালারা জানান, ৫০ থেকে ৬০ টাকা লাভ হলেই তাঁরা ইলিশ বিক্রি করে দেন। আজিমপুরে গতকাল সকাল থেকে দুপুরের আগেই ৫০টি ইলিশ বিক্রি করেছেন সিকান্দার আলী। তিনি বলেন, ‘আমরা দুজন ১০০টি ইলিশ কিনেছি। সওয়ারীঘাটে একটার দাম পড়ছে ৩৫০ কইরা। ৪০০ টেকা থেইকা ৪৫০ টেকায় বেইচা দিচ্ছি।’বাজারে বাড়তি দাম: বাজারেও ইলিশের চাহিদা বাড়ছে। ফলে দামও চড়ছে। গতকাল পুরান ঢাকার কাপ্তানবাজার, পলাশি, নবাবগঞ্জ, মোহাম্মদপুরের টাউনহল বাজার, জিগাতলা কাঁচাবাজার, কমলাপুর কাঁচাবাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, ইলিশের দোকানে ক্রেতাদের ভিড়।কয়েকজন ক্রেতা দাবি করেছেন, কয়েক দিন আগেও ৩০০ টাকায় যে ইলিশ বিক্রি হতো, সেই ইলিশ এখন ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার এক জোড়া বড় ইলিশ কিনতে দুই থেকে আড়াই হাজার টাকা লাগছে। গতকাল কাপ্তানবাজারে দেখা গেছে, মাছ বিক্রেতা জিতেন্দ্র বাবু বড় আকৃতির এক জোড়া ইলিশের দাম চাইছেন চার হাজার টাকা। জিতেন্দ্র জানান, তিনি ৫০টির মতো ইলিশ বরফ দিয়ে রেখেছেন। আজ ও কাল দাম আরও বাড়বে। বাজারের প্রায় সব বিক্রেতাই ইলিশ সংরক্ষণ করছেন আরও বেশি দামে বিক্রির আশায়।ইলিশের বাড়তি দামের বিষয়ে সওয়ারীঘাটের পাইকারি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসনাত প্রথম আলোকে জানান, ঢাকায় নদীর যে ইলিশ পাওয়া যায়, সেগুলোর অধিকাংশই আসে বরিশালসহ দক্ষিণবঙ্গ থেকে। এখন চাহিদা বেশি হলেও সরবরাহ সে তুলনায় কম।