ইলিয়াছকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দেখাতে দুদকের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে ১৪ অক্টোবর ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছ ভুঁইয়াকে অর্থ পাচার আইনে করা মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান। আদালত আগামী সোমবার আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ইলিয়াছকে অর্থ পাচার আইনে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। সোমবার আসামির উপস্থিতিতে শুনানি হবে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ১৪ অক্টোবর। এরপর তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ৫৮ লাখ টাকাসহ আটক করে পুলিশ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানার পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখায়। পরে গত রোববার রাতে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে মামলা করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান।