ইলিয়াস, রিজভী ও রতনের বাসায় বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ ইলিয়াস আলী এবং কারাবন্দী রুহুল কবির রিজভী ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতনের পরিবারের সদস্যদের খোঁজ নিতে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের বাসায় যান বিএনপির নেতারা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমানসহ নেতারা প্রথমে শ্যামলীর আদাবরে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর বাসায় যান। তাঁরা রিজভীর স্ত্রী আরজুমান্দ বানুর সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন।এরপর বনানীর ডিওএইচএসে কামরুজ্জামানের বাসায় গিয়ে তাঁর স্ত্রী নূর-ই জান্নাতের সঙ্গে কথা বলেন। এরপর বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর বনানীর বাসায় তাঁর স্ত্রী তাহসিনা রুশদীরের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা।এ সময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন। তাঁদের সরকারের লোকজন ‘গুম’ করেছে বলে বিএনপি অভিযোগ করেছে এবং গত মাসে পাঁচ দিন হরতাল পালন করে দলটি। গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় রিজভী ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।