ইলিয়াস আলী নিখোঁজের তদন্ত চলছেই

বিএনপির নেতা ইলিয়াস আলী অপহূত হওয়ার পর থেকেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল ‘তদন্ত চলছে’। আর বিভিন্ন সভায় বিএনপির নেতারা বলেছিলেন, ‘সবই লোক দেখানো’। এখন পর্যন্ত ইলিয়াস আলীর খোঁজ মেলেনি। জানা যায়নি কারা তাঁকে কেন অপহরণ করল, তাঁর পরিণতিই বা কী হলো।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহূত হন ইলিয়াস আলী। রাস্তায় পড়ে থাকা তাঁর গাড়ি উদ্ধার করে বনানী থানার পুলিশ। কয়েকটি সূত্র জানিয়েছে, মাইক্রোবাস ও জিপ নিয়ে আসা একদল লোক ওই দুজনকে ধরে নিয়ে গেছে। গত দুই বছরে তদন্তে পাওয়া এটুকু তথ্যই গণমাধ্যমকে জানানো হয়েছে।
নিখোঁজ হওয়ার দুই বছরের মাথায় এসে ইলিয়াস আলীর নেতৃত্বাধীন সিলেট জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তাতে ইলিয়াসের স্ত্রীকে সদস্য করা হয়।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার আগে ২০১২ সালের ১ এপ্রিল সিলেট মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ
ওরফে দিনার ও তাঁর বন্ধু ছাত্রদলকর্মী জুনেদ আহমেদ রাজধানীতে মামলাসংক্রান্ত কাজে এসে নিখোঁজ হন। তখন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি নিশ্চিত হয়েছি, র্যাব-১-এর সদস্যরা তাঁদের ধরেছে।’ এর পরে ১৭ এপ্রিল রাতে গাড়িচালকসহ ইলিয়াসও নিখোঁজ হন। ভারতের টিপাইমুখে বাঁধ দেওয়ার বিরোধিতা করে সিলেটে আন্দোলন গড়ে তুলেছিলেন ইলিয়াস।
নিখোঁজ হওয়ার পরে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর বনানী থানায় একটি জিডি করেছেন। সেই জিডির তদন্ত চলছে এখনো। উচ্চ আদালত ৪৮ ঘণ্টা পরপর ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। একই প্রতিবেদন কয়েক দিন পরপর ঘুরিয়ে-ফিরিয়ে দাখিল করছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাইনুল ইসলাম। প্রতিবেদনগুলোতে ঘটনাস্থল থেকে জব্দ করা গাড়ির বিবরণ, ওই দিন সিলেট থেকে ফেরার পরে ইলিয়াসের কর্মকাণ্ডের বিবরণী, রূপসী বাংলা হোটেলে ইলিয়াস যাঁদের সঙ্গে বৈঠক করেছেন তার বিবরণী, ইলিয়াসের বাসার বর্ণনা ইত্যাদিই ঘুরেফিরে এসেছে বারবার। পুলিশের ২০তম ও ২৪তম প্রতিবেদন মিলিয়ে দেখা গেছে, দুই প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ কেবল ওলট-পালট করে দেওয়া হয়েছে। এর বাইরে তথ্যগত কোনো ফারাক নেই। ২০১২ সালের ৮ সেপেটম্বর ২০তম এবং পরের বছরের ২২ ফেব্রুয়ারি ২৪তম প্রতিবেদন দাখিল করা হয়।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও হয়নি। ২৪তম প্রতিবেদনের শেষ প্যারায় বলা হয়, ‘জিডি অনুসন্ধানকালে গৃহীত ব্যবস্থা, প্রাপ্ত তথ্যাবলি বিশ্লেষণপূর্বক ফলাফল আমলযোগ্য অপরাধ সংঘটনের সাক্ষ্য বহন করে। জিডির ফলাফল বাদীকে অবহিত করলেও সে বা তার পরিবারের পক্ষ হতে কোনো প্রকার মামলা দায়েরের বিষয়ে কেউ আগ্রহ প্রকাশ করেন নাই। বিধায় জিডির আলোকে ব্যাপক অনুসন্ধানকার্য অব্যাহত আছে।’
গতকাল বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত এখনো চলছে। আমরা নিয়মিত আদালতে প্রতিবেদন দিয়ে যাচ্ছি।’
সিলেট বিএনপির নতুন কমিটি: ইলিয়াস আলীকে সভাপতি করে ২০০৯ সালের ২৫ নভেম্বর গঠিত হয়েছিল বিএনপির সিলেট জেলা কমিটি। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার দুই বছরের মাথায় গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট জেলার নেতাদের ঢাকায় ডেকে জেলার নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা করেন।
নতুন কমিটিতে জেলার প্রবীণ আইনজীবী নুরুল হককে আহ্বায়ক করা হয়েছে। সিলেটে বিএনপির রাজনীতিতে বিভিন্ন পক্ষ-বিপক্ষ ও কোন্দল এড়িয়ে চলা মানুষ হিসেবে পরিচিত নুরুল হক। কমিটিতে জেলা বিএনপির সব পক্ষকেই রাখা হয়েছে। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকেও সদস্য করা হয়েছে।
ঘোষিত কমিটির আটজন যুগ্ম আহ্বায়ক হলেন দিলদার হোসেন, আবদুল গফ্ফার, আবুল কাহের চৌধুরী, আবদুর রাজ্জাক, আলী আহমদ, সামসুজ্জামান, এম এ মান্নান ও এমরান আহমদ চৌধুরী।
আহ্বায়ক কমিটি ঘোষণার ৪৫ দিনের মধ্যে জেলার সব উপজেলা, থানা ও পৌর কমিটির কাউন্সিল শেষে জেলার সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। নুরুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে এ সময়ের মধ্যেই নতুন নেতৃত্বের হাতে বিএনপিকে তুলে দেওয়া।’