ইলিয়াস আলীকে অব্যাহতির সুপারিশ
বিএনপির নেতা এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পরদিন গত বছরের ১৮ এপ্রিল সিলেটের বিশ্বনাথ থানায় আওয়ামী লীগের এক নেতার করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এতে বিএনপির তিন নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রধান আসামি ইলিয়াসকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। দুটি মামলার দুই তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন ও ছায়েদুর রহমান সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত বুধবার অভিযোগপত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।গত বছরের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। এ খবরে ১৮ এপ্রিল তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথসহ সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ১৮ এপ্রিল মধ্যরাতে বিশ্বনাথ থানায় ‘নিখোঁজ’ ইলিয়াসকে প্রধান আসামি করে দুটি মামলা করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বশারত আলী ওরফে বাছা। ইলিয়াস আলী সাংসদ থাকাকালে ২০০০ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজি ও অবৈধ বিস্ফোরক সামগ্রী বহনের অভিযোগে মামলায় ইলিয়াসকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক কলমদর আলী, রামপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজাদ নূর ও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছিল। প্রায় ১১ বছর আগের ঘটনা নিয়ে ইলিয়াস ‘নিখোঁজ’ হওয়ার সঙ্গে সঙ্গে মামলা করায় বিষয়টি বেশ আলোচিত হয়। আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, প্রধান আসামির বিরুদ্ধে বাদীর অভিযোগের কোনো ভিত্তি বা প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য মামলা থেকে তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আসামির মধ্যে সোহেল আহমদ চৌধুরী, কলমদর আলী ও আজাদ নূরকে অভিযুক্ত করা হয়েছে। অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে কোনো সাক্ষী না পাওয়ায় অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ও ঘটনার দিন ঘটনাস্থলে ইলিয়াস আলীর উপস্থিতির কোনো প্রমাণ না মেলায় মামলা দুটি থেকে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়েছে।