ইলিয়াস আলীকে উদ্ধার দাবির বিলবোর্ড অপসারণের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ থেকে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির পোস্টার-বিলবোর্ড অপসারণের প্রতিবাদে সিলেট জেলার ১৩টি সাংগঠনিক কমিটি বিবৃতি দিয়েছে। নেতারা বিলবোর্ড পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএনপির নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিশ্বনাথে আওয়ামী লীগের জনসভার আগে এসব পোস্টার-বিলবোর্ড অপসারণ করা হয়।বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, জনসভা উপলক্ষে স্থানীয় সরকারদলীয় সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা বিলবোর্ড ভেঙে ও পোস্টার ছিঁড়ে ফেলেন।বিএনপির ১৩টি সাংগঠনিক কমিটির পক্ষে বিবৃতিদাতারা হচ্ছেন: সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম ফয়েজ, বিশ্বনাথের মো. জালাল উদ্দিন, বালাগঞ্জের কামরুল হুদা জায়গীরদার, ওসমানীনগরের মোতাহির আলী, ফেঞ্চুগঞ্জের আবদুর রব, জৈন্তাপুরের সভাপতি এম এ মালিক, গোয়াইনঘাটের সিরাজ উদ্দিন, কোম্পানীগঞ্জের মো. সামসুদ্দিন, কানাইঘাটের এম এ লতিফ প্রমূখ।মতবিনিময় সভা: গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ গোয়াইনঘাট শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা সদরে এই মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।