ইলিয়াস আলীকে গুম করায় জড়িতদের শাস্তি দেবে বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইলিয়াস আলীর গুমরহস্য উদ্ঘাটন করা হবে। একই সঙ্গে কারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনার প্রতিবাদে এবং তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবিতে এক প্রতীকী অনশনে মওদুদ আহমদ এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ অনশনের আয়োজন করে।মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারের গোয়েন্দা বাহিনী ইলিয়াসকে গুম করেছে। এই ঘটনার পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এর জবাবদিহি করতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হয় ইলিয়াসকে ফেরত দিন, নইলে পদত্যাগ করুন।’ইলিয়াস আলী গুম, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ড, গুলশানে সৌদি দূতাবাসের কর্মকর্তা খুনসহ বিভিন্ন ঘটনার উল্লেখ করে মওদুদ আহমদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারের নিজস্ব দুর্বলতা ও সন্ত্রাসের মদদ দেওয়ার কারণে এ অবস্থা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি দূতাবাসের কর্মকর্তাকে হত্যার ঘটনায় সরকার কাউকে গ্রেপ্তার করতে না পারায় সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হয়ে গেছে।গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। রাস্তার ওপর পাওয়া যায় তাঁর ব্যক্তিগত গাড়িটি।