ইলিয়াস আলীকে নিয়ে ঈদের আনন্দ করতে চায় সিলেটবাসী’
‘সিলেটের মানুষ ঈদের আনন্দ ইলিয়াস আলীকে সঙ্গে নিয়ে করতে চায়। ঈদের আগেই যদি তাঁকে সুস্থ অবস্থায় দেশবাসীর কাছে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে ঈদের পরেই তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।’ সিলেটের একটি রেস্তোরাঁয় ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের সংগঠনের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার ইফতারের পর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সিলেট মহানগর শাখার আহ্বায়ক ইমাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) আলী আহমদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন।