যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইয়েদা ওয়ার্সি বলেছেন, বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ না মেলায় যুক্তরাজ্য সরকার গভীরভাবে উদ্বিগ্ন।গতকাল বুধবার যুক্তরাজ্যের হাইকমিশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্সি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইলিয়াস আলীর ব্যাপারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সরকারের পক্ষ থেকে সংসদীয় বিতর্কে তাঁর বিষয়ে আমাকে বক্তৃতা দিতে হয়েছে। তাঁর ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তবে আমাদের আশা থাকবে তাঁর বিষয়টির সুরাহা হবে। তাঁর পরিবারের মতো আমরাও চাই, তিনি ও তাঁর গাড়িচালক সুস্থভাবে ফিরে আসুক।’তিন দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল ঢাকা ছাড়ার আগে ওয়ার্সি এই সংবাদ সম্মেলন করেন।মধ্যস্থতা নয়: এক প্রশ্নের জবাবে ওয়ার্সি বলেন, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মনে হয়েছে, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে আগামী নির্বাচনকে সবাই গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর মতে, নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হওয়া উচিত। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনতে যুক্তরাজ্যের মধ্যস্থতা করার সম্ভবনা নাকচ করে দেন ওয়ার্সি।শুধু ফাঁসি নয়: শাহবাগের আন্দোলন থেকে মানবতবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি।’ তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে সমাবেশ করায় শাহবাগে সমবেত তরুণদের অভিনন্দন জানান। জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার ব্যাপারে সাম্প্রতিক দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওয়ার্সি বলেন, ‘আমি মনে করি, তাদের আদর্শিকভাবে মোকাবিলা করে ব্যালট বাক্সের মাধ্যমে পরাজিত করা উচিত।’