ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল সোমবার সিলেট নগরে মিছিল করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। দুপুরে মিছিল শেষে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ হয়। গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী গাড়িচালকসহ নিখোঁজ হন। নিখোঁজের এক বছর পরও কোনো সন্ধান না দেওয়ায় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গতকাল মিছিল ও সমাবেশ হয়।ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি সোনা মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির আহ্বায়ক ফরহাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, আরিফ ইকবাল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রুকশানা বেগম, সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সালেহা কবির, শাহানা বেগম প্রমুখ বক্তব্য দেন। অবিলম্বে ইলিয়াস আলীকে জনতার মাঝে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিএনপি নেতা দিলদার বলেন, সিলেটবাসীকে কোনো কঠিন আন্দোলন কর্মসূচির দিকে ধাবিত করতে বাধ্য করবেন না।